নাসিক নির্বাচনে ভোটগ্রহণ শেষ: জয়ের ব্যাপারে আশাবাদী আইভী ও তৈমূর
https://parstoday.ir/bn/news/bangladesh-i102566-নাসিক_নির্বাচনে_ভোটগ্রহণ_শেষ_জয়ের_ব্যাপারে_আশাবাদী_আইভী_ও_তৈমূর
বাংলাদেশের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আজ (রোববার) সকাল ৮টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩টি অঞ্চলের (শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ) ১৯২টি কেন্দ্র ভোটগ্রহণ শুরু হয় এবং তা চরে বিকেল ৪টা পর্যন্ত। এবার ভোটগ্রহণ হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ১৬, ২০২২ ০৮:৫৭ Asia/Dhaka
  • নাসিক নির্বাচনে ভোটগ্রহণ শেষ: জয়ের ব্যাপারে আশাবাদী আইভী ও তৈমূর

বাংলাদেশের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আজ (রোববার) সকাল ৮টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩টি অঞ্চলের (শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ) ১৯২টি কেন্দ্র ভোটগ্রহণ শুরু হয় এবং তা চরে বিকেল ৪টা পর্যন্ত। এবার ভোটগ্রহণ হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হলেও আওয়ামী লীগ ছাড়া বিএনপির ধানের শীষ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক এই ভোটে অনুপস্থিত। কিন্তু, বিএনপির দলীয় পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া তৈমূর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত সেলিনা হায়াৎ আইভীর নৌকা ও তৈমূর আলমের হাতি প্রতীক নিয়ে মূল আলোচনা চলছে।

বেলা ১১টার দিকে নগরীর শিশুবাগ বিদ্যালয়ের নারী কেন্দ্রে ভোট দেওয়া শেষে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সেলিনা হায়াত আইভী বলেছেন, ‘আমি ১০০ পার্সেন্ট নিশ্চিত নৌকা ইনশাল্লাহ জিতবেই। আইভীই ইনশাআল্লাহ জিতবে। কারণ এই শহরের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। তারা আমাকে ভোট দিতে আসছে। আমি অনুরোধ করবো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, তারা যেন ভোটারদের ভোট দেওয়া একটু সহজ করে দেয়। কোনো কেন্দ্র যেন স্লো না রাখে। সবাই যেন দ্রুত ভোট দিতে পারে।’

ভোট দেওয়ার পর কথা বলছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সেলিনা হায়াত আইভী

তিনি বলেন, নগরীর ৩, ৫, ১৮, ১৭, ২০ নম্বর ওয়ার্ডে খুবই স্লো ভোট কাস্টিং হচ্ছে। দীর্ঘ সময় ধরে মানুষ দাঁড়িয়ে আছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাচ্ছি, যাতে উৎসবমুখর পরিবেশে আমার লোকগুলো ভোট দিতে পারে।

এ ধীরগতির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ইভিএম নতুন, বিষয়টি ভোটারদের কাছেও নতুন। তাদের ট্রেইনআপ করে গতি বাড়াতে হবে। দিন ছোট। শীতকাল। সবকেন্দ্রে ভোটারদের উপস্থিতি আছে।’

এদিকে, স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার অভিযোগ তুলেছেন, একটি ভোটকেন্দ্রে তার এজেন্টকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে।

তৈমূর আলম খন্দকার

আজ সকাল সাড়ে ৮টায় শহরের মাসদাইরে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (এম এ) মাদ্রাসা কেন্দ্রে তিনি নিজের ভোট দেন। ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ তোলেন।

নিজে ভোট দেওয়ার আগে তৈমূর আলম খন্দকার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন।

ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্র আসতে পারেন তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তিনি ১ লাখ ভোটের ব্যবধানে জয়লাভ করবেন।

অন্যদিকে, স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান বিকেল সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিয়ে বলেন, আল্লাহর রহমতে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তারপরও বার বার নারায়ণগঞ্জ নিয়ে কথা ওঠে। নারায়ণগঞ্জে এই হয়েছে, ওই হয়েছে, এই হবে, এই হতে পারে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন জাতীয় সংসদ নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জে একটা ধাক্কাধাক্কি পর্যন্ত হয় নাই, কারও মাথাও ফাটে নাই। 

তিনি আরও বলেন, জয় পরাজয় আছে। নির্বাচনে একজন জিতবেন আরেকজন হারবেন। কিন্তু দেশটা তো আমাদের সবার, সবাই মিলে দেশটা গড়তে হবে। 

গত ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াত আইভী। এর আগে দুবার নাসিকের মেয়র নির্বাচিত হন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপির বহিষ্কৃত নেতা তৈমূর আলম খন্দকার, খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন দেয়ালঘড়ি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ হাতপাখা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন বটগাছ, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস হাতঘড়ি এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়া সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২ জন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।