নাসিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন: হেরে গেলে কিছু যায়-আসে না- কৃষিমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i102578-নাসিক_নির্বাচন_সুষ্ঠুভাবে_সম্পন্ন_হেরে_গেলে_কিছু_যায়_আসে_না_কৃষিমন্ত্রী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কোনোরকম সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ (রবিবার) সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। কোনো ধরনের বিরতি ছাড়াই চলে বিকেল ৪টা পর্যন্ত।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ১৬, ২০২২ ১৩:১১ Asia/Dhaka

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কোনোরকম সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ (রবিবার) সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। কোনো ধরনের বিরতি ছাড়াই চলে বিকেল ৪টা পর্যন্ত।

নারায়ণগঞ্জ সিটির তৃতীয় এই নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ বিকেলে ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বাভাবিক হয়েছে। সবকিছু বিবেচনায় সার্বিক পরিবেশ ভালো ছিল। প্রথমদিকে ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বেড়েছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে।’

এ রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ‘অনেকগুলো ওয়ার্ডে বেশ কয়েকটি কেন্দ্র আমিসহ সংশ্লিষ্টরা পরিদর্শন করেছি। তাতে মনে হয়েছে- ভোটারের সমাগম বাড়ছে এবং প্রতিটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার গতি সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে।

এবারের নির্বাচনে মেয়রপদে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভুত হয়েছেন, বর্তমান মেয়র নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী এবং হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। নিজ নিজ নির্বাচনী কেন্দ্রে ভোট প্রদান শেষে উভয় প্রার্থীই নিজের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

বিদায়ের আগে একটি ভালো নির্বাচন দেখে যেতে চান মাহবুব তালুকদার।

রোববার দুপুরে নারায়নগঞ্জ সিটি নির্বাচনের ভোটকেন্দ্র পর্যবেক্ষণে গিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মন্তব্য করেছেন, “আমাদের বিদায়লগ্নে একটি ভালো নির্বাচন দেখতে চাই। যার জন্য আমি আজ এখানে এসেছি।“

নির্বাচনে হেরে গেলে আওয়ামী লীগের কিছু যায় আসে না: কৃষিমন্ত্রী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে হেরে গেলে আওয়ামী লীগের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রবিবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার কৃষিমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে হেরে গেলে কোনো কিছু যায় আসে না। কোনো অবস্থাতেই সরকারের গ্রহণযোগ্যতাকে বিলীন হতে দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘যেকোনো মূল্যেই ভোট সুষ্ঠু হওয়া দরকার, তাহলেই জনগণ জিতে যাবে। সেখানে যাই ফল আসুক, আওয়ামী লীগ মেনে নেবে।’

এছাড়া নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে এক প্রশ্নে আব্দুর রাজ্জাক বলেন, ‘এর একটি স্থায়ী সমাধান হওয়া দরকার।’

তিনি বলেন, ‘প্রত্যেকবার নির্বাচন আসলেই সংলাপের গুরুত্ব বাড়ে, কিন্তু কাজের কাজ কিছু হয় না। যে উদ্দেশ্যে সংলাপ, সে ব্যাপারে একটি স্থায়ী আইন হওয়া দরকার।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।