নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিপুল ব্যবধানে জিতলেন আইভী, তৈমূরের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i102594-নারায়ণগঞ্জ_সিটি_নির্বাচনে_বিপুল_ব্যবধানে_জিতলেন_আইভী_তৈমূরের_প্রতিক্রিয়া
বাংলাদেশের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। এ নিয়ে তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটির মেয়র হলেন আইভী।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ১৬, ২০২২ ১৭:৫৯ Asia/Dhaka
  • বিজয় চিহ্ন দেখাচ্ছেন সেলিনা হায়াৎ আইভী
    বিজয় চিহ্ন দেখাচ্ছেন সেলিনা হায়াৎ আইভী

বাংলাদেশের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। এ নিয়ে তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটির মেয়র হলেন আইভী।

আজ (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী- ১৯২টি কেন্দ্রের ফলে দেখা যায়, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এক লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ৫৬২ ভোট। সে হিসাবে তৈমুরের চেয়ে ৬৬ হাজার ৫৩৫ ভোট বেশি পেয়েছেন আইভী।

মেয়র প্রার্থীদের মধ্যে এবিএম সিরাজুল মামুন (খেলাফত মজলিস) পেয়েছেন ১০ হাজার ৭২৪ ভোট, মাছুম বিল্লাহ (ইসলামী আন্দোলন) পেয়েছেন ২৩ হাজার ৯৮৭ ভোট, কামরুল ইসলাম (স্বতন্ত্র) পেয়েছেন ১ হাজার ৩০৫ ভোট, জসীম উদ্দিন (খেলাফত আন্দোলন) পেয়েছেন ১ হাজার ৩০৯ ভোট, রাশেদ ফেরদৌস (কল্যাণ পার্টি) পেয়েছেন ১ হাজার ৯২৭ ভোট।

আইভি-তৈমূরের প্রতিক্রিয়া

জয়ের খবর পেয়ে উল্লাসে মেতে ওঠেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর সমর্থকেরা। রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে বেরিয়ে আইভীও বিজয় সূচক চিহ্ন দেখান। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, কাকা (তৈমূর আলম খন্দকার) অনেক ভোট পেয়েছেন, তাকে অভিনন্দন জানাতে চাচ্ছি। আপনার মেয়ে জিতেছে। মেয়ে তো জিতবেই, বাবারা সব সময় মেয়েদের জিতিয়ে দেয়। তিনি যেহেতু আমার চাচা, তিনিও খুশি হয়েছেন যে চুনকার মেয়ে জিতেছে, উনারই মেয়ে জিতেছে।  

তিনি আরও বলেন, তার যে পরিকল্পনা আছে আশা করি সেগুলো বাস্তবায়নে তিনি আমাকে সহায়তা করবেন। আমি বলব, এখানে মানুষের অবদান সবচেয়ে বেশি। এখানে নৌকা আর আইভী এক।  

এদিকে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নাসিক নির্বাচনের ফল ঘোষণার পর নিজের নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তৈমুর আলম খন্দকার বলেন, জনগণকে আমি ধন্যবাদ জানাই। তারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে। কিন্তু প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং এবং ইভিএমের কারচুপির কারণে আমার এই পরাজয়।

ভোট ঘিরে বারবার তাকে ‘ডিস্টার্ব’ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের ১৪, বিএনপির ৯ কাউন্সিলর প্রার্থী জয়ী

সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত ১৪ জন জয়ী হয়েছেন। বিএনপি নেতা ও সমর্থকেরা জয় পেয়েছেন ৯টি ওয়ার্ডে। এ ছাড়া জাতীয় পার্টির (জাপা) দুজন, বাসদের একজন ও স্বতন্ত্র একজন নির্বাচিত হয়েছেন।

এর আগে আজ রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। সকাল ১১টায় শহরের দেওভোগে শিশুবাগ বিদ্যালয়ে ভোট দেন ডা. সেলিনা হায়াৎ আইভী। ভোটদান শে‌ষে সাংবা‌দিক‌দের আইভী বলেন, ‘কয়েকটি কেন্দ্রে ধীরগতিতে ভোটগ্রহণ হচ্ছে। কিছু কিছু কেন্দ্রে ইভিএম মেশিনে সমস্যা হচ্ছে শুনেছি। তবে নির্বাচন সুষ্ঠু হলে আমার বিজয় নিশ্চিত।’ এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে যেকোনো প্রকার বিশৃঙ্খলা প্রতিহত করার আহ্বান জানান ডা. আইভী।  

এর আগে পরপর দুইবার নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী। ২০১১ সালে তিনি দলের বিদ্রোহী প্রার্থী হয়ে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানকে পরাজিত করেন। পরের বার ২০১৬ সালে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন। পরাজিত করেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেনকে।

সিটি করপোরেশন হওয়ার আগে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যানও ছিলেন আইভী। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন (এখন পৌর মেয়র বলা হয়)।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।