বকেয়া বেতন ও বোনাসের দাবিতে কয়েকটি পোশাক শ্রমিকদের বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/bangladesh-i107118-বকেয়া_বেতন_ও_বোনাসের_দাবিতে_কয়েকটি_পোশাক_শ্রমিকদের_বিক্ষোভ
ঈদের আগে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা রাজধানীর মিরপুর ও উত্তরা এলাকায় আজ সোমবার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। শ্রমিকদের অবরোধের কারণে সড়কে যানজট তৈরি হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৫, ২০২২ ১৩:১৭ Asia/Dhaka
  • বকেয়া বেতন ও বোনাসের দাবিতে কয়েকটি পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ঈদের আগে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা রাজধানীর মিরপুর ও উত্তরা এলাকায় আজ সোমবার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। শ্রমিকদের অবরোধের কারণে সড়কে যানজট তৈরি হয়।

আজ দুপুরের দিকে মিরপুর পল্লবী এলাকার ১১ নম্বর সড়কে অবস্থান নেন কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা।

আর উত্তরার জসীমউদ্‌দীন-আজমপুর এলাকার সড়কে অবস্থান নেন ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড ও ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেড নামের দুটি গার্মেন্টসের শ্রমিকেরা। উত্তরার এ দু’টি গার্মেন্টসের মালিক একই ব্যক্তি।পল্লবীর রাস্তায় অবস্থান নেওয়া কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা জানিয়েছেন, তাঁদের গার্মেন্টসে প্রায় ৩০০ শ্রমিক বয়েছে। তাঁদের কেউই এ বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চের বেতন পাননি। সব বকেয়া বেতন ও ঈদ বোনাস ২০ এপ্রিল দেওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত তাঁরা তা পাননি। গার্মেন্টসমালিকও দুই সপ্তাহ ধরে কারখানায় আসছেন না। বকেয়া বেতনের দাবিতে তাঁরা ২৩ এপ্রিল সড়ক অবরোধ করেছিলেন। তখন মালিকের সঙ্গে যোগাযোগ করে পুলিশ বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিল। কিন্তু তাঁরা আজও কোনো বেতন পাননি। কারও সঙ্গে যোগাযোগও করতে পারছেন না। ওদিকে, উত্তরার ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড ও ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা জানান, তাঁদের কারও দুই মাসের বেতন, আবার কারও তিন মাসের বেতন বকেয়া আছে। ওভারটাইম ও বোনাসও তাঁরা পাননি। এ কারণে তাঁরা রাস্তায় নেমেছেন।

বিক্ষোভ সাভারে

এর আগে গতকাল  রোববার রাজধানীর উপকন্ঠে  সাভার উপজেলার একটি পোশাক কারখানার ঈদের ছুটি বাড়ানো ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। সাভারের নবীনগরের চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় এ কর্মসূচি পালনকালে  পাঁচটি গাড়ির কাচ ভাঙচুরের ঘটনা ঘটেছে।  কারখানার শ্রমিক মিজানুর রহমান বলেন, ঈদের ছুটি আর বোনাসের দাবিতে সবাই কারখানা থেকে সড়কে নেমে আসেন। এ সময় পুলিশ এসে লাঠিপেটা করলে অনেকে আহত হয়েছেন। আহত শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, আশুলিয়ার স্কাইলাইন গ্রুপের একটি কারখানার শ্রমিকদের আগামী শনিবার থেকে ঈদের ছুটি ঘোষণা করা হয়। তবে ঈদ বোনাসের বিষয়ে তাঁদের কিছুই জানানো হয়নি। শ্রমিকেরা কর্তৃপক্ষের কাছে মূল বেতনের সমপরিমাণ ঈদের বোনাস দাবি করেন। দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না জানানোয় শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে দুপুর ১২টার দিকে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করেন। তাঁরা ঈদের ১০ দিনের ছুটি ও মূল বেতনের সমান বোনাস দ্রুত পরিশোধের দাবি জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ ও আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বলে। এ সময় উত্তেজিত শ্রমিকেরা কারখানার ব্যবহৃত তিনটি বাস, একটি কাভার্ড ভ্যান ও একটি ব্যক্তিগত গাড়ির কাচ ভাঙচুর করেন। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও ছোড়েন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের লাঠিপেটা করা হয় এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। এতে অন্তত ১০ শ্রমিক আহত হন। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।