মাথাপিছু আয় বেশি দেখাতে জনশুমারিতে জনসংখ্যা কম দেখানো হয়েছে: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i111150-মাথাপিছু_আয়_বেশি_দেখাতে_জনশুমারিতে_জনসংখ্যা_কম_দেখানো_হয়েছে_মির্জা_ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মাথাপিছু আয় বেশি দেখানোর জন্য জনসংখ্যা কম দেখানো হয়েছে। যেখানে আমরা হিসাব করি ১৮ কোটি মানুষ, সেখানে দেখানো হয়েছে ১৬ কোটি। এমনকি তারা নিজেরাই স্বীকার করেছে, জনশুমারির এসব তথ্য সঠিক হয়নি। বাড়ি বাড়ি তারা যায়নি।’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ২৮, ২০২২ ১২:০৫ Asia/Dhaka
  • মাথাপিছু আয় বেশি দেখাতে জনশুমারিতে জনসংখ্যা কম দেখানো হয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মাথাপিছু আয় বেশি দেখানোর জন্য জনসংখ্যা কম দেখানো হয়েছে। যেখানে আমরা হিসাব করি ১৮ কোটি মানুষ, সেখানে দেখানো হয়েছে ১৬ কোটি। এমনকি তারা নিজেরাই স্বীকার করেছে, জনশুমারির এসব তথ্য সঠিক হয়নি। বাড়ি বাড়ি তারা যায়নি।’

আজ (বৃহস্পতিবার) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিশ্বব্যাপী এই শুমারিকে আদমশুমারি বলা হলেও সরকার এটাকে জনশুমারি বলছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার সব ক্ষেত্রে প্রতারণা করছে। সরকার প্রতারণার ওপর দাঁড়িয়ে আছে।

বিএনপি মহাসচিব আরো বলেন, আদমশুমারিতে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা কমে গেছে শতকরা এক ভাগেরও বেশি। বারবার এই অত্যাচার হয়েছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে তখনই সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। ভিন্ন সম্প্রদায়ের সম্পত্তি দখল করেছে তারা।

নড়াইলের লোহাগাড়া উপজেলার দিঘলিয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা অত্যন্ত সুপরিকল্পিত দাবি করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতাদের অন্তর্কোন্দল, দ্বিধাবিভক্তির কারণেই হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে।

এই ঘটনায় অবিলম্বে দোষীদের শাস্তি দাবি করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই হিন্দু সম্প্রদায়ের ওপর সবচেয়ে বেশি হামলা হয়। তাদের সম্পদ দখল হয়।

বিএনপি মহাসচিব বলেন, নির্দলীয় সরকারের দাবি পাশ কাটাতে সাম্প্রদায়িক হামলার মত নানান কৌশলের আশ্রয় নিয়েছে সরকার।

তিনি বলেন, গণতন্ত্র পুরোপুরি ধ্বংস হয়েছে। আওয়ামী সরকারের অধীনে ইলেকশন হতে পারে না। গণতন্ত্রের অভাবেই ভিন্ন সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষা করা সম্ভব হচ্ছে না। পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়কে দেশ থেকে তাড়িয়ে সম্পত্তি দখল করাই উদ্দেশ্য।

নির্বাচন ব্যবস্থা এমন জায়গায় নিয়ে গেছে যেখানে শিশু পর্যন্ত রক্ষা পায় না। পুলিশের গুলিতে ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে শিশু হত্যার প্রতিবাদ জানিয়ে দায়িদের গ্রেফতারের দাবি করেন মির্জা ফখরুল।

নড়াইলের ঘটনা সরেজমিন পরিদর্শন করে আসা দলীয় তদন্ত টিমের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, নড়াইলের দিঘলীয় গ্রামে ৭০ শতাংশ হিন্দু সম্প্রদায়ের। অথচ পুলিশের নাকের সামনে হিন্দুর সম্প্রদায়ের উপর হামলা হলো। এই ঘটনায় ২২টি পরিবার এবং নয়টি মন্দির ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপি’র তদন্ত কমিটির অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নি, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, অমলেন্দু দাস অপু ও নিপুন রায় চৌধুরী উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮