আন্দোলনকারীদের কাউকে যেন গ্রেফতার করা না হয়: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i111900-আন্দোলনকারীদের_কাউকে_যেন_গ্রেফতার_করা_না_হয়_শেখ_হাসিনা
বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন করলে তাদের কাউকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ১৪, ২০২২ ১৩:৫২ Asia/Dhaka

বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন করলে তাদের কাউকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (রোববার) আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে গণভবনে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, "আমাদের বিরোধীরা একটা সুযোগ পাচ্ছে। তারা আন্দোলন করছে। সেটা করুক আমি তো চাচ্ছি। আমি নির্দেশ দিয়েছি, তারা আন্দোলন করছে, করতে দাও। খবরদার কাউকে যেন গ্রেফতার করা না হয়।" 

বিরোধী দলের আন্দোলনের সফলতা নিয়ে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, ‘আন্দোলন করে তারা কতটুকু সফল হবে, সেটা জানি না। কিন্তু যেটা করছে তাতে দেশের জন্য আরও ক্ষতি হবে। আমরা সেটা সামাল দিতে পারব, সেই বিশ্বাস আমার আছে।"

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী চলমান মন্দার কথা উল্লেখ করে বলেছেন, এ নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে বিরোধীদের আন্দোলন হতে পারে, কিন্তু বাড়াবাড়ি দেশের ক্ষতির পাশাপাশি মানুষের কষ্ট বাড়াবে যেটি তাদেরও বোঝা উচিত।

সরকার প্রধান বলেন, মানুষের কষ্ট যে হচ্ছে সেটা তাঁর সরকার উপলদ্ধি করতে পারছে বলেই প্রতিনিয়ত সেই কষ্ট লাঘবের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমার সাথে সাথে দেশেও সমন্বয় করা হবে। দেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন শুরু হলে বিদ্যুতের এই সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আর যখনই বিশ্ব বাজারে তেলের দাম কমবে আমরা সাথে সাথেই এ্যাডজাস্ট করবো, সেটাও আমার নির্দেশ রয়ে গেছে।

প্রধানমন্ত্রী আবারো উৎপাদনবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেছেন, করোনা যেতে না যেতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে স্যাংশন এবং পাল্টা স্যাংশন জনজীবনে সর্বনাশ ডেকে আনছে, যার  ভুক্তভোগী হচ্ছে সারা বিশ্বের সাধারণ জনগণ।

তাঁর সরকার জনগণের কাছে দেয়া সকল প্রতিশ্রুতির সফল বাস্তবায়ন ঘটিয়েছে উল্লেখ করে তিনি বলেন, যদি এই করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং স্যাংশন ও পাল্টা স্যাংশন না হতো তাহলে আমাদের দেশ কখনই সমস্যায় পড়তো না। আমরা এগিয়ে যেতে পারতাম। কেননা যে ক্ষেত্রগুলো আমাদের আমদানী নির্ভর সেখানেই সমস্যাটা দেখা দিচ্ছে।

এদিকে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি স্বীকার করেছেন,  দেশের সাধারণ মানুষ কষ্টে আছে, সেটা অস্বীকার করার কিছু নেই। মানুষের কষ্ট বেড়েছে, সেই কষ্ট যাতে না থাকে, সে জন্য সরকার কাজ করে যাচ্ছে। আজ সকালে রংপুর শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,  অর্থনৈতিক মন্দা এখন বিশ্বজুড়ে। তাই সারা বিশ্বেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে আমাদের দেশেও।

এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা বেহেশতে আছেন, বিএনপির এই অভিযোগ সঠিক নয়। জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না। বেহেশত-দোজখ মানুষ মারা গেলে বুঝতে পারে।

ওদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। প্রতিদিন চারদিকে অশনি সংকেত আর ঘনঘোর অন্ধকার নেমে আসছে। সর্বত্রই অস্বস্তি-অস্থিরতা। ক্ষমতাসীনদের বিশৃঙ্খলা ও অপকীর্তির শেষ নেই। নিশিরাতের অবৈধ সরকার পরিকল্পিতভাবে লাখ লাখ কোটি টাকা লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংকগুলো খালি হয়ে গেছে। রিজার্ভ তলানিতে ঠেকেছে। গত ১৩ বছরে বেপরোয়া দুর্নীতিযজ্ঞের কারণে দেশ এখন দেউলিয়া ঘোষণার অপেক্ষায়।

আজ (রোববার) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় আগামী ১৬ আগস্ট দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে দোয়া মাহফিল- দলের কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।