ভয়াবহ দিন আসছে, অর্থ দিয়েও খাবার পাওয়া যাবে না: শেখ হাসিনা
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, ‘সামনে আরও ভয়াবহ দিন আসছে, অর্থ দিয়েও খাবার পাওয়া যাবে না। তাই খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি সবাইকে সাশ্রয়ী হতে হবে।’
আজ (বুধবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগ নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রত্যেকে নিজের গ্রামের বাড়ি এবং যে যেখানে বসবাস করে এবং ছাত্রাবাস বা শিক্ষাপ্রতিষ্ঠানের জমিতে ব্যাপক হারে গাছ লাগাতে ও ফসল উৎপাদন করতে হবে। কারণ বিশ্বে পরিস্থিতি আরও ভয়াবহ অবস্থা হবে। কোনো পয়সা দিয়েও খাবার কেনা যাবে না। সেক্ষেত্রে আমাদের নিজেদের খাবার নিজেদেরই উৎপাদন করতে হবে।
তিনি উল্লেখ করেন, 'আমাদের ছাত্রলীগ যেমন ধান কাটায় সাহায্য করেছে, দরকার হলে তা রোপণেও সাহায্য করবে। জমিতে কোনো একটা ফলের গাছও লাগাতে হবে। কাজেই এভাবে সবাইকে চলতে হবে। আমরা নিজেরা যদি করতে পারি, তাহলে আমাদের- যেটা জাতির পিতা বলেছেন আমার মাটি আছে মানুষ আছে, কাজেই সেটা আমরা করতে পারবো। সে বিশ্বাস আমার আছে।’
করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ, জ্বালানি, পানিসহ প্রতিটি ক্ষেত্রে সাশ্রয়ী হওয়া দরকার।’
শেখ হাসিনা আরও বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। কোনো মেজরের বাঁশি বাজানোর মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়নি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ছাত্রলীগের ইতিহাস মানেই বাংলাদেশের ইতিহাস।’ বর্তমান প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর জন্য ছাত্রলীগের প্রতি আহ্বানও জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগে আলতু-ফালতু কাউকে না নিতে নির্দেশ দিয়ে বলেন, ‘ছাত্রলীগকে সংগঠন করার সময় গ্রুপ বাড়ানোর জন্য আলতু-ফালতু লোক দলে ঢুকাবে না। তাতে নিজেদের বদনাম, দলের বদনাম, দেশের বদনাম। কারণ আমাদের পেছনে তো লোক লেগেই আছে। লেগেই থাকবে। ছাত্রদল যত অপকর্ম করে গেছে, সেটা নিয়ে কথা নেই। কিন্তু ছাত্রলীগের একটু হলে বড় নিউজ। এটা নিজেদের ঠিক থাকতে হবে।’
তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সম্পদের লোভ পরিহার করে সঠিক আদর্শে নিজেদের গড়ে তুলে দেশের সেবায় নিয়োজিত হতে হবে। সম্পদ যে কাউকে বাঁচাতে পারে না, তা করোনার সময় প্রমাণ হয়েছে বলে ছাত্রলীগের নেতাকর্মীদের সতর্ক করেন প্রধানমন্ত্রী।
এ সময় শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগ প্রকাশিত একটি ম্যাগাজিন ও একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩১