নির্বাচন নিয়ে বিদেশী রাষ্ট্রদূতদের মন্তব্য নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী
-
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশী রাষ্ট্রদূতদের সাম্প্রতিক মন্তব্য নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ । রাষ্ট্রদূতদের মন্তব্য যেনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও কূটনৈতিক শালীনতার লঙ্ঘনের পর্যায়ে না যায় সে ব্যাপারেও সতর্ক করেছেন তথ্যমন্ত্রী।
সোমবার মন্ত্রণালয় সভাকক্ষে প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন গ্রহণ ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।
নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘বিদেশী রাষ্ট্রদূতরা অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে সব দলের সাথে কথা বলতে পারেন, নির্বাচন নিয়ে সংঘাত এড়ানোর জন্য কোনো কোনো দলের সাথে একান্তে কথাও বলতে পারেন। নির্বাচন নিয়ে তারা যা বলছেন আমরাও তাদের সাথে একমত। আমরা স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন চাই। তারা অবশ্যই পরামর্শ দিতে পারবেন, তবে তা যাতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও কূটনৈতিক শালীনতার লঙ্ঘন না হয়'।
বিএনপি সম্পর্কে মন্ত্রী বলেন, বিএনপি ২০১৮ সালে সংলাপ করেছিল, তার ফল হিসেবে তারা পাঁচটি আসন পেয়েছে। তিনি বলেন, বিএনপি একটি সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। তারা নিজেদের কর্মীদের ওপর ইটপাটকেল মারছে। তাতে তারা হতাহত হচ্ছে। কিন্তু দোষ চাপাচ্ছে সরকারের ওপর। এসব অব্যাহত রাখলে জনগণ তাদের প্রতিহত করবে।
প্রেস কাউন্সিল প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে প্রেস কাউন্সিলের জন্ম। পাঠক ও সংবাদ মাধ্যমের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করতে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল। বর্তমানে প্রেস কাউন্সিলের তিরস্কার করা ছাড়া আর কোনো ক্ষমতা নেই। তবে ক্ষমতা বাড়াতে নতুন আইন প্রণয়ন চেষ্টা চলছে।
এ সময় ডঃ হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের ডাটাবেস তৈরি করা হবে। এ ব্যাপারে একটি নীতিমালার খসড়া তৈরি করেছে প্রেস কাউন্সিল। বাংলাদেশে গণমাধ্যমের যে স্বাধীনতা, তা অনেক উন্নত দেশেও নেই বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের গত বছরের কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নিজামুল হক। মতবিনিময়ে ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, যুগান্তর সম্পাদক সাইফুল আলম ও কবি নুরুল হুদা উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।