বিএনপির তো খুঁটির জোর নেই: সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i114158-বিএনপির_তো_খুঁটির_জোর_নেই_সংবাদ_সম্মেলনে_প্রধানমন্ত্রী_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিরোধী দল বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, বিএনপির তো খুঁটির জোর নেই। যদি সেটা থাকতো তাহলে তো তারা বিদেশিদের দ্বারে দ্বারে যেত না, ধরনা দিয়ে বেড়াতো না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৬, ২০২২ ১৫:৫১ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিরোধী দল বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, বিএনপির তো খুঁটির জোর নেই। যদি সেটা থাকতো তাহলে তো তারা বিদেশিদের দ্বারে দ্বারে যেত না, ধরনা দিয়ে বেড়াতো না।

আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা  এমন মন্তব্য করেন।

তিনি  বলেন, ‘জনগণ বিএনপিকে সবক্ষেত্রে প্রত্যাখ্যান করেছে। তারা কোন মুখ নিয়ে জনগণের কাছে ভোট চাইতে যাবে। আগুন দিয়ে মানুষ পোড়ানো, পেট্রলবোমা মারা, নাশকতা করে মানুষ খুন করেছে। এখন মানুষের কাছে ভোট চাইতে যাবে কোন মুখ নিয়ে। পারছে না বলেই বিদেশিদের পিছে পিছে ঘুরছে।’

আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে দলটির নেতারা বলছেন- এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকার কী ভাবছে? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়া যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত। আমরা কিছু চাপিয়ে দিতে চাই না। তবে চাইব- সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক।’

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো অনেক হুমকি দিচ্ছে। এটাই তো তাদের কাজ। যত উন্নয়নই হোক, বিরোধিতা করাটাই তাদের কাজ। তবুও তারা যদি শক্তিশালী হতো, তাহলে অনেক কিছুই হতে পারত।’

আগামী কাউন্সিলে আওয়ামী লীগের সম্মেলনে শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসবে কিনা- এমন প্রশ্নের জবাবে দলটির সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগের একজন কাউন্সিলরও যদি আমাকে না চায় তাহলে আমি নেতৃত্বে থাকব না, চলে যাব।’ আমি দলীয় পদ থেকে বিদায় নিতে প্রস্তুত।আমিও চাই আওয়ামী লীগে নতুন নেতৃত্ব আসুক।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে গত সোমবার রাতে দেশে ফেরেন। শেখ হাসিনা যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে ১৫ সেপ্টেম্বর লন্ডন যান যেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় কর্তৃক আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।