বিশৃঙ্খলা করলে শাপলা চত্বরের পরিণতি-কৃষিমন্ত্রী
বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চায়, সিদ্ধান্ত জানাবে ডিএমপি
-
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক
আগামী ১০ ডিসেম্বর রাজধানী ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ করতে চায় বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি। সমাবেশের অনুমতি পেতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কমিশনারের কার্যালয়ে এই সাক্ষাৎ করেন তারা। পরে বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি সদর দপ্তর থেকে বেরিয়ে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে বিভাগীয় শহরে ধারাবাহিক গণসমাবেশ করেছে বিএনপি। এর ধারাবাহিকতায় আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করতে চান তারা। সেখানে বিএনপির নেতা-কর্মীদের আসতে যাতে বাধা দেওয়া না হয় এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেসব বিষয়ে জানানো হয়েছে ডিএমপি কমিশনারকে।
আমান আরও বলেন, ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। তার অনুমতি চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আলোচনা করে বিএনপিকে জানাবেন।
এবিষয়ে ডিএমপি মিডিয়া শাখার উপ পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেন বলেছেন, অনুমতি দেয়া হলে সমাবেশ কেন্দ্রিক সকল ধরনের সহযোগিতা করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এদিকে, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ১০ ডিসেম্বর বিশৃঙ্খলা করলে শাপলা চত্বরের মতো পরিস্থিতি হবে। কারন আওয়ামীলীগের পতন ঘটানো এতটা সহজ নয়।
তিনি বলেন, হেফাজত ইসলামও এমন বলে শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল। তারা বলেছিল আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েই ছাড়বে। কিন্তু রাতেই শাপলা চত্বর পরিষ্কার হয়ে গেছে।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হৈবতপুর গ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিকেন্দ্র ও আমন ধান কাটার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।#
পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।