নির্বাচনী প্রতিশ্রুতি পূরন করছে আওয়ামীলীগ, বললেন কাদের;
রাজনৈতিক সংঘাত এড়াতে ২৪ ডিসেম্বর গণমিছিলের তারিখ পরিবর্তন করলো বিএনপি
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আওয়ামী লীগ সরকার কাজ করছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসন্ন জাতীয় সম্মেলন ঘিরে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির প্রস্তুতি সভায় তিনি একথা বলেন। এসময় ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কথা বলেছিলেন, আওয়ামী লীগ তা করে দেখিয়েছে। এবার উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে আওয়ামী লীগ। আগামী জাতীয় সম্মেলনে এবং নির্বাচনেও থাকবে এ অঙ্গীকার।
ওবায়দুল কাদের আরো বলেন, আওয়ামী লীগ নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সব উন্নয়ন কাজ করেছে এবং করছে। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছে। জনগণের সঙ্গে কোনো ছলচাতুরী করেনি বরং বিএনপি জনগনকে নিয়ে ছিনিমিনি খেলছে বলে অভিযোগ করেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক।
এদিকে,ঢাকায় বিএনপির গণমিছিল কর্মসূচি ২৪ ডিসেম্বর থেকে পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে দলটি। আজ দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বলেন, যেহেতু বিএনপি সংঘাত চায় না, শান্তিপূর্ণ উপায়ে সংকট নিরসন করতে চায় এবং সমস্যার সমাধান চায়, একই সাথে যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৪ তারিখে তাদের কাউন্সিলের কারণে বিএনপির কর্মসূচি পরিবর্তন প্রত্যাশা করেছেন এবং আহ্বান জানিয়েছেন সেজন্য দলের পক্ষ থেকে রাজনৈতিক আচরণ করতে চায় বিএনপি। তাই ২৪ ডিসেম্বরের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানান নজরুল ইসলাম খান।
তিনি বলেন,যেহেতু ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে সেজন্য ২৪ তারিখে ঢাকায় গণমিছিল হবে না। তবে, ঢাকা বাদে সারা দেশে গণমিছিলের যে কর্মসূচি আছে জেলা ও মহানগরে, সেটি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নজরুল ইসলাম খান। আর ঢাকায় ২৪ তারিখের পরিবর্তে ৩০ তারিখে গণমিছিল অনুষ্ঠিত হবে। অন্যদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় রাজপথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের কোন বিকল্প নেই। #
পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।