বাংলাদেশকে ধ্বংস করেছে বিএনপি, তারা কিভাবে দেশকে মেরামত করবে? প্রশ্ন ওবায়দুল কাদেরের
বিএনপি বাংলাদেশকে ও বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করেছে অভিযোগ করে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশ মেরামতের কাজ করছে আওয়ামী লীগ।
সকালে রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন মিলনায়তনে আওয়ামীলীগের ২২তম কাউন্সিল প্রস্তুতি স্বেচ্ছাসেবকদের সভায় তিনি বলেন, দেশের যে কোন ক্রান্তিকালে আওয়ামীলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশকে বাঁচিয়েছে। আগামীতেও দেশের নেতৃত্ব দিতে আওয়ামীলীগ প্রস্তুত বলে জানান দলটির সাধারণ সম্পাদক।
বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এই সময় সবচেয়ে বেশি দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামনে আরও চ্যালেঞ্জ আছে, সেগুলো অতিক্রম করে এগিয়ে যেতে হবে।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যারা রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তারা কী করে দেশের মেরামত করে। দেশ মেরামত করেছেন শেখ হাসিনা। বিএনপির আমল থেকে এখন সব কিছু ভালো আছে। দেশের মধ্যে যা মেরামত, তা আওয়ামী লীগই করছে। #
পার্সটুডে/নিলয় রহমান /রেজওয়ান হোসেন/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।