বিএনপির ২৭ দফা
রেইনবো নেশনের চিন্তা কি শুধু ক্ষমতা পেতে না জনস্বার্থে, রাজনীতিবিদদের প্রশ্ন
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার পতনের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ‘রাষ্ট্রকাঠামো মেরামতে’র কথা উল্লেখ করে ২৭ দফা রূপরেখা ঘোষণা করেছে বিএনপি।
রাজধানীর গুলশানের একটি হোটেলে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এটি ঘোষণা করেন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন ও ছয়টি সংস্কার কমিশন গঠনের বিষয় দলটি তাদের রূপরেখায় তুলে ধরে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা, টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন না করার নিয়ম চালুসহ কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিপরীতে রাষ্ট্রকাঠামো মেরামতের কথা উল্লেখ করা হয়েছে বিএনপির ঐ ২৭ দফার রূপরেখায়। এই রূপরেখাকে ‘হাস্যকর’ হিসেবে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, বিএনপি-জামায়াত রাষ্ট্রকে ধ্বংস করেছে। এখন আবার তারাই রাষ্ট্রের মেরামতের কথা বলছে। এখন দেশের সবকিছুই ভালো আছে। তাই মেরামতের কিছু নেই। অন্যদিকে, বিশিষ্টজনেরা বলছেন, বিএনপির এই রূপরেখায় নতুন তেমন কিছুই নেই। যা আছে তা শুধুমাত্র দৃষ্টি আকর্ষণের ফর্মুলা। তবে এই ফর্মুলা কতটুকু কার্যকর করতে পারবে দলটি তা দেখার বিষয়।
এবিষয়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স রেডিও তেহরানকে বলেছেন. বিএনপির রেইনবো নেশনসহ বেশ কিছু শব্দ ব্যবহার করে দেয়া ২৭ দফায় নতুন কিছুই নেই। কারণ তারা ২০০১ সালে যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, ২২ বছর পর প্রায় সেই একই ইশতেহার ২৭ দফায় ঘোষণা করেছে। দুর্নীতির বিরুদ্ধে তারা ক্ষমতায় থাকাকালীন কোন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে পারেনি এমন পরিস্থিতিতে এ ধরনের দাবী ও দফাকে শুধু রাজনৈতিক বক্তব্য বলেই মনে করেন এ বাম নেতা।
এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার উপ কমিটি সহকারী সমন্বয়কারী শহিদুল ইসলাম কবির রেডিও তেহরানকে বলেছেন, বিএনপি দেশ-পরিচালনার বাইরে থেকে এখন দেশ মেরামতের যে উদ্যোগ নিচ্ছে সেটা কতখানি বাস্তবিক না শুধুই রাজনৈতিক সেই প্রশ্ন দেখা দিয়েছে। দেশের মানুষের স্বার্থ ও সেবার প্রয়োজনে তারা কতখানি কাজ করবে সেটা দেখে তাদের ভাল উদ্যোগের সাথে থাকবে দেশের মানুষ, এমনটাই মনে করেন এ ইসলামী দলের নেতা। #
পার্সটুডে/নির/এমএএইচ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।