নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশ মিশনগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i118200-নিষেধাজ্ঞা_এড়াতে_বাংলাদেশ_মিশনগুলোকে_সর্বোচ্চ_সতর্কতা_অবলম্বনের_নির্দেশ
বাংলাদেশের সরকারি সংস্থা ও ব্যক্তির ওপর কোনো কারণে নিষেধাজ্ঞা আসতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে সেই নিষেধাজ্ঞা ঠেকাতে প্রস্তুত থাকার লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। চিঠিতে সাতটি অগ্রাধিকার ঠিক করে দেওয়া হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ০৮, ২০২৩ ১৮:৩১ Asia/Dhaka
  • নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশ মিশনগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ

বাংলাদেশের সরকারি সংস্থা ও ব্যক্তির ওপর কোনো কারণে নিষেধাজ্ঞা আসতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে সেই নিষেধাজ্ঞা ঠেকাতে প্রস্তুত থাকার লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। চিঠিতে সাতটি অগ্রাধিকার ঠিক করে দেওয়া হয়েছে।

পররাষ্ট্রসচিব চিঠি পাঠানোর এক দিন পর নতুন বছরের প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে ভার্চ্যুয়াল বৈঠক করেন।

বিদেশে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের প্রতি নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ‘যেকোনো কূটনীতিক মিশনের মৌলিক কাজ হচ্ছে, সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখার মধ্য দিয়ে দৈনন্দিন কাজ এগিয়ে নেওয়া। তবে বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটে আরও বাড়তি কাজের চাহিদা রয়েছে। ’

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ‘আমাদের একটি বিশেষায়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর একতরফা নিষেধাজ্ঞা এসেছে। সরকার ও তার প্রতিষ্ঠানগুলোর ক্ষতিসাধনের উদ্দেশ্যে সরকারি সংস্থা-ব্যক্তির ওপর একই প্রেক্ষাপটে বা অন্য কারণে আরও নিষেধাজ্ঞা আসতে পারে বলে আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। এ জন্য নিষেধাজ্ঞা ঠেকাতে প্রস্তুত থাকার লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সময় অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। সময়ে সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের হালনাগাদ তথ্য ও নির্দেশনা দেবে। ’

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বাহিনীটির সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর ২০২১ সালে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এ প্রেক্ষিতে আর যেন কোনো নিষেধাজ্ঞা না আসে, সে বিষয়ে রাষ্ট্রদূতদের নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং পশ্চিমা বেশ কিছু দেশের সরকার বাংলাদেশকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এমএআর/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।