গণতান্ত্রিক পদ্ধতি সুরক্ষিত হয়নি: সাইফুল হক
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু: পাবনায় বইছে আনন্দের জোয়ার
-
রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিন চুপ্পু মনোনয়ন পাওয়ায় পাবনায় আনন্দ মিছিল
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশন-দুদকের সাবেক কমিশনার মো: সাহাবুদ্দিন চুপ্পু।
আজ (রোববার) সকালে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে, সাহাবুদ্দিন চুপ্পুর নাম নির্বাচন কমিশনে দাখিল করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে, আইন মেনে নির্ধারিত সময়ের মধ্যেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব।
আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দিতে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। আবেদন জমা দেয়ার পরে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রোববার একই ব্যক্তির নামে আওয়ামী লীগের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে নিশ্চিত করে ইসি সচিব জাহাঙ্গীর আলম। তিনি জানান, সংবিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। তবে এ পদে অন্য কোন প্রার্থী না থাকায় আওয়ামী লীগের মনোনীত ব্যাক্তিই রাষ্ট্রপতি হচ্ছেন বলেও জানান ইসি সচিব।
রাষ্ট্রপতি পদে অন্য কোন প্রার্থী না থাকায়, তিনিই হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে। তবে সংবিধান অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ না নেয়া পর্যন্ত, বর্তমান রাষ্ট্রপতি নিজ পদে বহাল থাকবেন।
এদিকে, রাষ্ট্রপতি পদে বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় নিজ জেলা পাবনায় বইছে আনন্দের জোয়ার। পাবনার বাড়ি ও পুরো এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।
তবে এই প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নে আওয়ামী লীগের আভ্যন্তরীণ গণতান্ত্রিক পদ্ধতি সুরক্ষিত হয়নি বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড সাইফুল হক। #
পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১২