ছাত্র অধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা; আহত অন্তত ২৫
-
ছাত্র অধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর এ হামলার ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
এতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র অধিকার পরিষদের নেতাদের ওপর কয়েক দফা হামলা চালান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিবের বরাত দিয়ে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র অধিকার পরিষদের আয়োজন চলছিল। সেখানে হামলা চালায় ছাত্রলীগ। এতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিবসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
এরমধ্যে ১৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ৪ জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ৩ জন গণস্বাস্থ্য হাসপাতাল এবং ৩ জন অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, সংঘর্ষে আহত ১১ জন সেখানে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছিল টিএসসিতে। তবে ছাত্রলীগ নেতাকর্মীরা আগে থেকে টিএসসিতে অবস্থান নেয়। ছাত্র অধিকারের নেতাকর্মীরা সেখানে এলে পাল্টা স্লোগান দিতে থাকে ছাত্রলীগ। এভাবে ১০-১৫ মিনিট চলার পর ছাত্র অধিকার পরিষদ স্থান ত্যাগ করতে চাইলে মারধর শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রথমে টিএসসি গেটে পরে ডাস চত্বর এবং মিলন চত্বরে ছাত্র অধিকারের ওপর হামলা চালায় ছাত্রলীগ।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টিএসসিতে নেতাকর্মীদের অবস্থান নেওয়ার নির্দেশনা দেয় ঢাবি ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব। তবে ছাত্র অধিকারের প্রোগ্রামে বিশৃঙ্খলা তৈরি করলেও মারধরের কোনো নির্দেশনা ছিল না। #
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।