ভোক্তাদের স্বার্থে ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে বাংলাদেশ সরকার
আসন্ন রমজানে যাতে করে নিত্যপণ্য নিয়ে হিমশিম খেতে না হয় ভোক্তাদের, তাই আগে ভাগেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার। এরই অংশ হিসেবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে সরকারের খরচ হবে ২৭৬ কোটি ৬৪ লাখ টাকা।
আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভার সভাপতিত্ব করেন।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মেঘনা এডিবল অয়েল লিমিটেড থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য ব্যয় হবে ১৯০ কোটি ২৪ লাখ টাকা।
তিনি জানান, টিসিবির জন্য এই সয়াবিন তেল কেনা হবে। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিনের দাম পড়বে ১৭২ টাকা ৯৫ পয়সা। আগের ক্রয়মূল্য ছিল প্রতি লিটার ১৭৭ টাকা। সাঈদ মাহবুব খান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউএন ট্রেডিং-এর কাছ থেকে আরও ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ তেলও টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিনের দাম পড়বে ১৭২ টাকা ৮ পয়সা। আগের ক্রয়মূল্য ছিল ১৭৮ টাকা।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় টিসিবির জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছিল। ওই তেল কেনার কথা ছিল সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে।#
পার্সটুডে/বাদশা রহমান/এমবিএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।