তেহরানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান
মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীকে ইসলামি প্রজাতন্ত্র ইরানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি রাষ্ট্রদূত এএফএম গওসেল আজম সরকারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। আর মিয়ানমারে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন মো. মনোয়ার হোসেন।
গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা মঞ্জুরুল করিম খান চৌধুরী ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। পেশাদার কূটনীতিক হিসেবে তিনি লন্ডন, ইস্তাম্বুল, রোম ও বন্দর সেরি বেগাওয়ানে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যান্ত্রিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জনের পর রোমের ইউনিভার্সিটি লা সাপিয়েনজা থেকে ভূরাজনীতি এবং বৈশ্বিক নিরাপত্তা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
তিনি বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেন। ব্যক্তিগত জীবনে রাষ্ট্রদূত চৌধুরী এক কন্যা ও এক পুত্রের জনক।
তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, নবনিযুক্ত রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান খুব শিগগিরই মিয়ানমার থেকে বিদায় নিয়ে তেহরানে যোগদান করবেন। #
পার্সটুডে/আশরাফুর রহমান/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।