হজের খরচ কমাতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
বাংলাদেশে কমল হজের খরচ, নিবন্ধনের শেষ সময় ২৭ মার্চ
হজ যাত্রীদের খরচ ৪ লাখ ৫০ হাজার টাকা পুনঃনির্ধারণ, মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং কুরবানীর পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।
আজ ২২ মার্চ, বুধবার,দুপুর ১২ টায় সংগঠনটির সভাপতি শহিদুল ইসলাম কবির এর নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহায়ক মোঃ নিজাম উদ্দীন এর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মুফতী মোঃ মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি এ বিএম রাকিবুল হাসান ও ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মোঃ নেছার উদ্দিন।
সংগঠনের নেতারা বলেন, বিমান ভাড়া কমাতে হজ্জযাত্রী বহনকারী বিমান সৌদি আরব থেকে খালি না এনে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের বিশেষ ছাড় দিয়ে দেশে আসার সুযোগ দেয়া হলে বিমানের লোকসান হবে না। আর হাজীদেরকে ১ লাখ টাকা অতিরিক্ত ব্যয় ও করতে হবে না। হজ্জ প্যাকেজে বাংলাদেশের সকল ভ্যাট ট্যাক্স বাতিল এবং সাধারণ হজ্জ যাত্রীদের খরচ কমানোর স্বার্থে বাড়ি ভাড়া, মোয়াল্লেম ফি সহ সৌদি আরবের অন্যান্য খরচ কমানোর ক্ষেত্রে বিশেষ কুটনৈতিক চেষ্টা চালানো, হজ্জের ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে অপ্রয়োজনীয় খরচ ও রাষ্ট্রের টাকায় হজ্জ করানো বন্ধ করা এবং প্রয়োজনে রাষ্ট্রের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও হজ্জের খরচ ৪ লাখ ৫০ হাজার টাকায় পুনঃনির্ধারণ করার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।
এদিকে হজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমিয়ে নিবন্ধনের সময় বাড়ল ২৭ মার্চ বাড়ানো হয়েছে। আজ বুধবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ-সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন গনমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের সব দেশের জন্য সৌদি আরব মিনার ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির তাবুর খরচ বাবদ ৪১৩ সৌদি রিয়াল কমিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ১১ হাজার ৭২৫ টাকা। যারা ইতোমধ্যে আগের ফি অনুযায়ী নিবন্ধন করেছেন, তাদের খাবারের টাকার সঙ্গে এই পরিমাণ টাকা ফেরত দেওয়া হবে।
এ উপলক্ষ্যে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যাকেজ মূল্য হ্রাস পাওয়া ও হজযাত্রীদের বয়সসীমা না থাকায় অনেকে নতুন করে হজে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ফলে পরিবর্তিত প্যাকেজে নিবন্ধনের সময়সীমা আগামী ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হলো।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় চতুর্থ দফায় নিবন্ধনের সময় বাড়ানো হয়। মঙ্গলবার (২১ মার্চ) হজ নিবন্ধনের চতুর্থ দফার শেষ দিন থাকলেও কাঙ্ক্ষিত সাড়া পায়নি ধর্ম মন্ত্রণালয়। ##
পার্সটুডে/বাদশাহ রহমান//২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।