বাধ্যতামূলক হলো ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম
টিকিট যার ভ্রমণ তার নীতি বাস্তবায়নে টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীর নাম বাধ্যতামূলক করেছে বাংলাদেশ রেলওয়ে। এখন থেকে যার অ্যাকাউন্টের মাধ্যমে সহযাত্রীদের টিকিট কেনা হবে, সেখানে অবশ্যই তাদের নাম উল্লেখ করতে হবে।
শনিবার ১এপ্রিল সকালে রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন-জেভির রেলসেবা নামক ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়। পোস্টে বলা হয়, আগামী ৭ এপ্রিলের পর থেকে টিকিট কেনার প্রক্রিয়াটি সম্পন্ন করতে সহযাত্রীদের নাম (তাদের জাতীয় পরিচয়পত্র, ফটো আইডিতে দেওয়া) বাধ্যতামূলক করা হয়েছে। ভ্রমণের সময় সমস্ত যাত্রীদের অবশ্যই তাদের এনআইডি/ফটো আইডি সঙ্গে রাখতে হবে।
এদিকে ওয়েবসাইটে দেখা যায়, ২/৩/৪টি টিকিট ক্রয়ের ক্ষেত্রে সিট সিলেক্ট করার পরের স্টেজে গিয়ে প্যাসেঞ্জার ১ এর ক্ষেত্রে যে অ্যাকাউন্ট দিয়ে সিলেক্ট করা হয়েছে, তার নাম বসানো আছে। প্যাসেঞ্জার ২/৩/৪ এর জায়গায় স্টার মার্ক করা একটি করে নামের জায়গা খালি রাখা হয়েছে। সেখানে নাম না লিখা পর্যন্ত প্রসিড অপশনটি আসবে না। অর্থ্যাৎ টিকিটগুলো কেনার কাজটি সম্পন্ন হবে না।
গত ২২ মার্চ দুপুরে রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, একজন যাত্রী ঈদ অগ্রিম টিকিট ও ফেরত যাত্রার টিকিট উভয় ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং প্রতিক্ষেত্রে সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করতে পারবেন। একজন নিবন্ধন করা যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের এনআইডি অথবা জন্ম নিবন্ধন নম্বর ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে।#
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।