রাজশাহীতে 'ইরান' ও সম্রাট শাহ আব্বাসের নাম খচিত ফার্সি শিলালিপি চিহ্নিত
https://parstoday.ir/bn/news/bangladesh-i124998-রাজশাহীতে_'ইরান'_ও_সম্রাট_শাহ_আব্বাসের_নাম_খচিত_ফার্সি_শিলালিপি_চিহ্নিত
বাংলাদেশের রাজশাহী অঞ্চলের একটি গোরস্তানে 'ইরান' ও মুঘল বাদশাহ শাহজাহানের সমসাময়িক ইরানি সম্রাট শাহ আব্বাস সাফাভির নাম খচিত একটি শিলালিপিসহ ১২০টিরও বেশি ফার্সি ভাষার শিলালিপি চিহ্নিত ও নথিভুক্ত করা হয়েছে।
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
জুন ২৯, ২০২৩ ১৫:২১ Asia/Dhaka
  • রাজশাহীতে 'ইরান' ও সম্রাট শাহ আব্বাসের নাম খচিত ফার্সি  শিলালিপি চিহ্নিত

বাংলাদেশের রাজশাহী অঞ্চলের একটি গোরস্তানে 'ইরান' ও মুঘল বাদশাহ শাহজাহানের সমসাময়িক ইরানি সম্রাট শাহ আব্বাস সাফাভির নাম খচিত একটি শিলালিপিসহ ১২০টিরও বেশি ফার্সি ভাষার শিলালিপি চিহ্নিত ও নথিভুক্ত করা হয়েছে।

গত বছরের শরৎকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ ও একজন ইরানি বিশেষজ্ঞের সহায়তায় এইসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন চিহ্নিত ও নথিভুক্ত করা হয়।

মুর্তজা রেজওয়ানফার নামের এই বিশেষজ্ঞ বাংলাদেশে নিযুক্ত ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা হাসান সাহাত ও  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের আমন্ত্রণে গত শরৎকালে বাংলাদেশ সফরে যান।

রাজশাহীর এক গোরস্তানে প্রাপ্ত মোঘল সম্রাট শাহাজাহানের সমসাময়িক ফার্সি শিলালিপি

 

মুর্তজা রেজওয়ানফার জানিয়েছেন,  ফার্সি ভাষায় 'ইরান' «ایران»  শব্দটি খচিত ওই শিলালিপিতে সাফাভি বংশের সম্রাট শাহ আব্বাস সাফাভির নাম লেখা হয়েছে এই বিশ্ব-খ্যাত সম্রাটের মৃত্যুর প্রায় সাত বছর পর এবং এই শিলালিপির কোথাও ভারতবর্ষের তৎকালীন সম্রাট শাহজাহানের নাম নেই।

এ ছাড়াও ওই শিলালিপিতে ১২ ইমামি তথা ইসনাআশারিয়া শিয়া (শিয়া মাজহাবের মূল ও প্রধান ধারা) মাজহাবের ধর্মীয় বক্তব্য রয়েছে, যদিও রাজশাহীর মূল শহর থেকে অনেক দূরের ওই অঞ্চলটি সুন্নি মুসলমান অধ্যুষিত অঞ্চল।

ইরান ও সম্রাট শাহ আব্বাস সাফাভির নাম খচিত ফার্সি শিলালিপি

 

সমাধির স্মৃতি-স্তম্ভ বা গম্বুজে ব্যবহৃত ওই শিলালিপি শেষ হয়েছে ইরানের বিখ্যাত কবি শেখ সা'দীর গুলিস্তান কাব্যের কবিতার দু'টি লাইন দিয়ে:

غرض نقشیست کز ما باز ماند 

که هستی را نمی‌بینم بقایی

(উদ্দেশ্যটা হল আমাদের এই শিল্পকর্ম বা বই থেকে যাবে যুগ যুগান্তর ধরে উন্মুক্ত

যদিও আমাদের অস্তিত্ব রবে না দৃশ্যমান দৃশ্যপট থেকে আমরা হব বিলুপ্ত) [ভাবানুবাদ]  #

পার্সটুডে/এমএএইচ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।