আন্দোলনের সক্ষমতা নেই বিএনপির; মন্তব্য তথ্যমন্ত্রীর
বিরোধী দলে গেলেও, সংবিধানের আলোকে নির্বাচনে যাবে আওয়ামীলীগ: কাদের
-
ওবায়দুল কাদের
আওয়ামীলীগ কখনো বিরোধী দলে গেলেও, সংবিধানের আলোকে নির্বাচনে যাবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকদের যৌথসভায় এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, উন্নয়নের জন্য জনগণ আবারও নৌকায় ভোট দেবে। কারণ ধানের শীষ দেশের মানুষের পেটের বিষ হয়ে গেছে। ওবায়দুল কাদের বলেন, পাঁচ সিটির মতো জাতীয় নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি গুজব আর ষড়যন্ত্রে ব্যস্ত, তারা ভোটারদের কাছে না গিয়ে বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে। ক্ষমতার বাইরে থাকলেও আওয়ামী লীগ কখনো সংবিধানের বাইরে যাবে না জানিয়ে কাদের বলেন, তার দল বিরোধী দলে থাকলেও, সংবিধানের আলোকেই নির্বাচনে যাবে।
এসময় সংসদে পাস হওয়া জনপ্রতিনিধিত্ব সংশোধনী বিলটি যৌক্তিক জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শুধুমাত্র একটি নির্বাচনী কেন্দ্রের সমস্যার জন্য কোনভাবেই পুরো নির্বাচন বন্ধ থাকতে পারে না।
এদিকে, সচিবালয়ে অপর এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির যদি কোনো নালিশ থাকে, তাহলে বিদেশীদের কাছে না গিয়ে দলটিকে দেশের জনগণের কাছে সেই নালিশ জানানো উচিৎ। বুধবার সকালে সচিবালয়ে পিআইডির প্রকাশনায় পার্বত্য শান্তি চুক্তি নিয়ে দুইটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপির আহবানে জনগণ সিটি করপোরেশন নির্বাচন বর্জন করেনি, আগামী নির্বাচনেও করবে না। উন্নত দেশগুলোর মতো নির্বাচিত সরকারের অধীনেই দেশে নির্বাচন হবে। আগামী নির্বাচন নিয়ে সরকার চাপে নেই জানিয়ে, বিএনপির আন্দোলন করার সক্ষমতা নেই বলেও মন্তব্য করেন তিনি। #
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।