ইসরাইলি গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপির গোপন আঁতাত রয়েছে: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i125338-ইসরাইলি_গোয়েন্দা_সংস্থার_সঙ্গে_বিএনপির_গোপন_আঁতাত_রয়েছে_ওবায়দুল_কাদের
ইসরায়েল ও তার গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপির গোপন আঁতাত রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৯, ২০২৩ ১৫:১২ Asia/Dhaka
  • আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ইসরায়েল ও তার গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপির গোপন আঁতাত রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ইসরাইলি প্রযুক্তি ব্যবহার করে বিরোধীদলের নেতাদের ফোন হ্যাক করা হচ্ছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, গনমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে এ অভিযোগ করেন  ওবায়দুল কাদের। আজ রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির এক সিনিয়র নেতার সঙ্গে ইসরাইলি গোয়েন্দা সংস্থার বৈঠক গণমাধ্যমেই প্রকাশিত হয়েছিল। এ ধরনের দেশবিরোধী অপতৎপরতার সঙ্গে বিএনপি সবসময় জড়িত থাকে। 

এদিকে, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচন নিয়ে অবাস্তব কোনো দাবিতে বিএনপির সঙ্গে সংলাপ হবে না । রোববার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে,বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী। আরপিও সংশোধনের বিষয়ে আনিসুল হক বলেন, আরপিও সংশোধন কোরে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়নি বরং এর মাধ্যমে জনগণের ভোটাধিকার সংরক্ষণ করা হয়েছে। বিএনপি নেতাদের মামলা নিষ্পত্তি করতে সরকার নির্দেশ দিয়েছে ,বিএনপির এমন অভিযোগের বিষয়ে আনিসুল হক বলেন,দুই মাসের মধ্যে বিএনপি নেতাদের মামলা নিষ্পত্তি করতে হবে এমন কোনো চিঠি বা মৌখিক নির্দেশ দেয়া হয়নি।

আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগস্ট মাসকে সামনে রেখে সরকার পতনের এক দফা আন্দোলনের নামে কেউ যদি হত্যার পরিকল্পনা করে, ধ্বংসাত্মক কার্যকলাপ করে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। #

পার্সটুডে/বাদশাহ রহমান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।