জঙ্গি সংগঠন জামাতুল হিন্দাল শারক্বীয়ার আমিরসহ ৩ জন গ্রেফতার
কেএনএফএর সঙ্গে ভিপি নূরের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে র্যাব
-
গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর
গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ এর যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
আজ সোমবার ঢাকার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এসময় নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়ার আমিরসহ ৩ সদস্যকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ আটক করার বিস্তারিত তুলে ধরেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার এ পরিচালক। তিনি বলেন, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়ার আমির মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাবের আভিযানিক একটি দল। দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদি পুস্তিকা ও নগদ অর্থসহ মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের কমান্ডার খন্দকার আল মঈন বলেন, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট- কেএনফের সঙ্গে যোগাযোগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য-উপাত্ত সামনে এসেছে। যোগাযোগ রয়েছে কি না বা সংশ্লিষ্টতা রয়েছে কি না খতিয়ে দেখতে কাজ করছেন গোয়েন্দারা ।
এর আগে,গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের বক্তব্য নিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের ভেরিফায়েড ফেসবুক পেজে উপস্থাপন করা হলে আলোচনায় আসে বিষয়টি।#
পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।