জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে বক্তারা
বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জাতীয় সরকারের অধীনে নির্বাচন ও দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা। বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবী কোনভাবেই সরকারি দল আমলে নিচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।
বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মওলানা এবিএম জাকারিয়া বলেন, ক্ষমতাসীন সরকার সংবিধানের দোহাই দিয়ে জাতীয় সরকার দিতে চায় না। অথচ রাজনৈতিক সভা সমাবেশ করা আমাদের রাজনৈতিক অধিকার। সরকার সেই অধিকারেও বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বক্তারা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা বলেন, প্রেস ক্লাবের সামনে টানা ১৮ দিন অবস্থান করছেন শিক্ষকরা। সরকার তাদের দাবীও আমলে নিচ্ছে না। তবে শিক্ষকদের অপমান করলে সেটা ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বক্তারা প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করে বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্নভাবে লিয়াজু ও তাঁবেদারি করছে। অথর্ব সিইসির মাধ্যমে সাজানো নির্বাচন করাচ্ছে। যা আগামীতেও করার স্বপ্ন দেখছে।
সরকারের মন্ত্রিপরিষদেরও সমালোচনা করেন বক্তারা। বলেন, দেশের কাঁচামরিচের দামও নিয়ন্ত্রণ করতে পারে না সরকার, তারা দেশ পরিচালনায়ও বরাবরই ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। #
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।