অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের শুরুতে তফসিল: সিইসি
https://parstoday.ir/bn/news/bangladesh-i126200-অক্টোবরের_শেষে_কিংবা_নভেম্বরের_শুরুতে_তফসিল_সিইসি
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদের নির্বাচনের তফসিল আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের শুরুতে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ডিসেম্বরের শেষের দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথাও জানান তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩০, ২০২৩ ১৪:৫৫ Asia/Dhaka
  • কাজী হাবিবুল আউয়াল
    কাজী হাবিবুল আউয়াল

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদের নির্বাচনের তফসিল আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের শুরুতে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ডিসেম্বরের শেষের দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথাও জানান তিনি।

আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ভোট ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে সম্ভব না। এটা রোডম্যাপে বলে দেওয়া আছে। ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহ, ওটাই গুরুত্বপূর্ণ। তফসিল যখনই হোক সেটা গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেন সিইসি। গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনটা কবে হবে।

সিইসি জানান, তফসিল কবে হতে পারে সেটা কমিশনে সভা করে সিদ্ধান্ত নেয়া হবে। সেটা নভেম্বরের প্রথম সপ্তাহেও হতে পারে। সাধারণত ৫০-৬০ দিন আগে তফসিল হয়। এর আগে যুক্তরাষ্ট্র, চীনসহ চার দেশের নির্বাচন পর্যবেক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের টেনেট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা টেরি এল ইসলে বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকারের দাবি অসাংবিধানিক ও বেআইনি। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সংবিধান সমর্থন করে না। আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের সদস্য হিসেবে আমি মনে করি, এ সরকারের অধীনে কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।