মাদ্রাসা শিক্ষার্থী হত্যায় ৭ দিনের মধ্যে আসামী গ্রেফতার না হলে আন্দোলনের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/bangladesh-i126422-মাদ্রাসা_শিক্ষার্থী_হত্যায়_৭_দিনের_মধ্যে_আসামী_গ্রেফতার_না_হলে_আন্দোলনের_হুঁশিয়ারি
বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্ষুদ্ধ হয়ে উঠছেন দেশের শান্তিকামী মুসল্লীরা। এর প্রতিবাদে আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৪, ২০২৩ ১৪:১৩ Asia/Dhaka
  • মাদ্রাসা শিক্ষার্থী হত্যায় ৭ দিনের মধ্যে আসামী গ্রেফতার না হলে আন্দোলনের হুঁশিয়ারি

বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্ষুদ্ধ হয়ে উঠছেন দেশের শান্তিকামী মুসল্লীরা। এর প্রতিবাদে আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

আওয়ামী লীগের শান্তি সমাবেশের পর দুই গ্রুপের সংঘর্ষে নিহত মাদ্রাসাছাত্র হাফেজ রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সমাবেশের বক্তারা। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারন করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে দেশ জুড়ে বৃহত্তর আন্দোলন করা হবে। নিহত মাদ্রাসাছাত্র হাফেজ রেজাউল করিমের হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ছে বলেও জানান সমাবেশের বক্তারা। তারা অভিযোগ করে বলেন, হত্যাকান্ডের পরে মামলা নিতেও গড়িমসি করেছে সরকারের পুলিশ প্রশাসন। আর এখন মামলা হওয়ার পরেও গ্রেফতার করা হচ্ছে না হত্যাকারীদের। 

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী বলেন, হাফেজ রেজাউল করিমের হত্যার এক সপ্তাহ হয়ে গেল কিন্তু তার খুনিদের এখনো গ্রেপ্তার করা হয়নি। আর এই হামলা যদি বিরোধী দলের কেউ করত তাহলে এতক্ষণে তার ১৪ গোষ্ঠীকে গ্রেপ্তার করা হতো। তারা শান্তি সমাবেশের মাধ্যমে জাতিকে শান্তির পরিবর্তে অশান্তি দিচ্ছে বলেও অভিযোগ করেন মাওলানা আবুল হাসানাত জালালী।

পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রেজাউল করিম (২১) যাত্রাবাড়ী জামিয়া ইসলামীয়া দারুল উলুম মাদ্রাসায় (বড় মাদ্রাসা) দাওরা হাদিসে পড়াশোনা করতেন। শেরপুরের নকলা উপজেলার নারায়ণকোটা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ছিলেন তিনি। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।