বিভিন্ন সময়েই ঘটছে বাল্ক হেডের আঘাতে নৌদুর্ঘটনা
মুন্সীগঞ্জের লৌহজং এ নৌযান ডুবিতে নিহতের সংখ্যা বাড়ছে, নৌপথের অনিরাপত্তায় শংকা বাড়ছে
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বালুবাহী নৌযানের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবে, ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও অনেককে উদ্ধারে তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার রাতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার রসকাঠি এলাকার পদ্মার শাখা নদী, ইছামতি নদীতে পিকনিকের ট্রলার ডুবির ঘটনায়, ফায়ার সার্ভিসের ডুবুর দল, নারী ও শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের ৪৭ জন ট্রলারে করে পদ্মা নদীতে পিকনিকে যান। পিকনিক শেষে ফেরার পথে রাত ৮টার দিকে ট্রলারটি লৌহজংয়ের রসকাঠি এলাকায় পৌঁছালে, বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি পানিতে তলিয়ে গেলে, অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠলেও, বেশকিছু নিখোঁজ রয়ে যায়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানজানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে।
এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন জানান, নিহতের প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তাসহ, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
দুর্ঘটনার দীর্ঘ সময় পর, বিআইডব্লিউটিএ এয়ার লিফটিং ব্যাগ ব্যবহার করে, ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করেছে। তবে নিখোঁজ বাকীদের উদ্ধারে এখনো অভিযান চলছে। এদিকে, আজ সকালে খিদিরপুর গ্রামে নিহতদের জানাজা সম্পন্ন হয়। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৮টি বাল্কহেড ও তিনটি ড্রেজার জব্দ এবং ৬২ জন শ্রমিককে আটক করেছে নৌ-পুলিশ।
আজ রোববার দুপুরে চাঁদপুর আঞ্চলিক নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিষয়ে বিআইডব্লিউটিএ’র সাবেক চিফ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন মনে করেন, নৌপথের নিরাপত্তায় বাস্তবিক ব্যবস্থা এখন খুবই জরুরী। তাই সংশ্লিষ্টদের ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন এই সাবেক বিআইডব্লিউটিএ কর্মকর্তা। #
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন