এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু
প্রশ্ন ফাঁসের গুজব নেই; অভিভাবক শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ শিক্ষামন্ত্রীর
-
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা তিন বোর্ডে দশ দিন দেরিতে শুরু হলেও একসঙ্গে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন বোর্ডে দেরিতে পরীক্ষা শুরু হয়েছে ঠিকই। কিন্তু ৬০ দিনের মধ্যে একসঙ্গে রেজাল্ট প্রকাশ করতে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
আজ বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনে রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
শিক্ষামন্ত্রী জানান, দেশে ডেঙ্গু মহামারি বাড়লেও ডেঙ্গু আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য সব পরীক্ষা কেন্দ্রেই চিকিৎসাসহ বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
এবার প্রশ্নফাঁসের ঝুঁকি নেই দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবছর প্রশ্ন ফাঁসকারীরা অভিনব কায়দা বের করে। নতুন নতুন অভিজ্ঞতা নিতে হয়। তবে এবার সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত বিশেষ পরিকল্পনার কারনে প্রশ্নফাঁসের কোন গুজবও ছড়াতে পারেনি কোন অসাধু চক্র। এরপরও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মন্ত্রী। গত পাঁচ বছরে কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি,তারপরও একটি মহল সবসময় গুজব ছড়িয়ে আসার চেষ্টা করে, এজন্য অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্কতা খুব জরুরী বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য,আজ থেকে শুরু হয়েছে দেশের আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা। বন্যার কারণে কারিগরি,মাদ্রাসা ও চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসকল বোর্ডে ২৭ আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে, এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। যা গত বছরের তুলনায় ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি। সব মিলিয়ে সারাদেশে ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু করতে সকল প্রস্তুতি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। #
পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।