অবৈধ ক্ষমতা দখলকারীরা গণমানুষের কথা ভাবেনি; বলেছেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকার দেশের জনগণের কথা ভাবেনি বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন’ ও ‘তথ্য কমিশন ভবন’ এবং ‘বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ’ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে, গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র ও সরকারের ধারাবাহিকতা থাকায় সবক্ষেত্রে দেশের উন্নয়ন হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। এই অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন, জিয়া এরশাদ ও খালেদা জিয়ার সরকার গণমানুষের কথা ভাবেনি। তারা নিজেদের আখের গোছানোয় ব্যস্ত ছিল। বঙ্গবন্ধুকে কে হত্যা করে যারা অবৈধভাবে ক্ষমতায় এসেছিল, তারা কেউ দেশের উন্নয়নে কাজ করেনি। বিএনপির আমলে দেশে কোনো প্রযুক্তিগত সুযোগ-সুবিধা ছিলোনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে বর্তমান সরকার।
সব ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলা করে আওয়ামী লীগ সরকার দেশকে এগিয়ে নিচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে প্রতিটি মানুষের জীবনমান আরও উন্নত হবে। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে এগিয়ে যাবে বাংলাদেশ, তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য কাজ করার আহবান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।