এবার বাড়ছে পেঁয়াজের দাম
পেঁয়াজ আসার আগেই দামের নৈরাজ্যে অস্থির বাজার; প্রশাসনের তদারকির দুর্বলতাকে দুষছে ক্যাব
ভারতের বর্ধিত শুল্কারোপের পেঁয়াজ এখনো দেশে আসেনি কিন্তু তার আগেই বাংলাদেশের ব্যবসায়ীরা দাম বাড়িয়ে অস্থির করে তুলেছেন বাজার।
পাইকারি বাজারে কেজিতে বেড়েছে ৭ থেকে ৮ টাকা আর খুচরা পর্যায়ে মানভেদে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। হঠাৎ কোরে দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। আমদানি কম ও ভারতের শুল্ক আরোপের ফলেই বাজারে পেঁয়াজের দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। ভারত সরকারের পেঁয়াজ রপ্তানিতে শুল্কারোপের ঘোষণায়, দেশের বাজারে বিরূপ প্রভাব পড়েছে। চার পাঁচ দিনের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে, প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত।
সকালে রাজধানীর কারওরান বাজার পাইকারি আড়তে দেখা যায়, প্রতি কেজি দেশি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ৮০-৮৩ টাকা,যা কয়েকদিন আগেও ছিল ৭৫-৭৮ টাকা। এদিকে খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বেড়ে বিক্রি হচ্ছে ৮৮ থেকে ৯০ টাকায়। হঠাৎ করে দাম বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা।কি কারণে দাম বাড়ছে জানেন না তারা। তাই বাজারে নিয়ন্ত্রণে সঠিক মনিটরিংয়ের তাগিদ ক্রেতাদের।
এদিকে বেনাপোল দিয়ে তিনদিন ধরে পেঁয়াজ না আসায় হুঁহুঁ করে দাম বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা।
এধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কনজুম্যারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, অসাধু ব্যবসায়িরা কোন অযুহাত পেলেই পণ্যের দাম বাড়ানোর পায়তারা করেন। আর প্রশাসনিক তদারকির অভাবে এ ধরনের ঘটনা বারবার ঘটছে, যার কারনে ভোগান্তি পোহাতে হচ্ছে ক্রেতা সাধারনকে।
এদিকে, কৃষি মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারত ছাড়াও আরও ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দেশগুলো হলো- চীন, মিশর, পাকিস্তান, কাতার, তুরস্ক, মিয়ানমার, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও ইউএই।যেখানে চীন থেকে ২৪০০ টন, মিশর থেকে ৩৯১০ টন, পাকিস্তান থেকে ১১৮২০ টন, কাতার থেকে ১১০০ টন, তুরস্ক থেকে ২১১০ টন, মিয়ানমার থেকে ২০০ টন, থাইল্যান্ড থেকে ৩৩ টন, নেদারল্যান্ডস থেকে ৪ টন ও ইউএই থেকে ৩ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত মোট ১৩ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতির বিপরীতে দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার টন। #
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।