রংসাইডে গাড়ি না চালাতে ভিআইপিদের প্রতি সড়ক পরিবহনমন্ত্রীর আহ্বান
-
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আসন্ন ঈদ উল ফিতরে সড়ক মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে রংসাইডে গাড়ি না চালাতে ভিআইপিদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এবারের ঈদে আমাদের প্রস্তুতি সম্পন্ন। মহাসড়কে এবার যানজট কম হবে। গেল বছরের তুলনায় এবারের ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কম হবে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহনমন্ত্রী বলেন, এবারের ঈদে রাস্তার অবস্থা গত কয়েক বছরের তুলনায় ভালো। রাস্তার কারণে কোনো ধরনের যানজট হবে না।
২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও জয়দেবপুর-ময়মনসিংহ চারলেন মহাসড়ক উদ্বোধন করবেন জানিয়ে মন্ত্রী বলেন, এটি এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের উপহার। এবার ঈদের ঘরমুখো মানুষের যাত্রা আগের যেকোনো সময়ের থেকে স্বস্তিদায়ক হবে। এবারে রাস্তা গত কয়েক বছরের তুলনায় অনেক ভালো। ভালো রাস্তার কারণে যানজটের আশঙ্কা কমে যাবে।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক চালু হলে দেশের সড়ক যোগাযোগ নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে। ঢাকা-চট্টগ্রাম চারলেনের উদ্বোধনের পর দাউদকান্দি থেকে চট্টগ্রামের সিটি গেইট পর্যন্ত ১৯০ কিলোমিটার মহাসড়কে চার ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া এবং আসা যাবে।
ভিআইপিদের কারণে ঈদের সময় যানজটের সৃষ্টি হয় উল্লেখ করে তিনি বলেন, ভিআইপিরা যখন ঈদের সময় রং সাইড দিয়ে চলেন তখন খুব সমস্যা হয়। তখন আমরা আর যানজট নিয়ন্ত্রণ করতে পারি না। এজন্য আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে অনুরোধ করব, যে কেউ যত বড় নেতাই হোক, যতো প্রভাবশালী মন্ত্রীই হোক, তাদের কাছে সবিনয় অনুরোধ, জনস্বার্থে রাইট সাইডের রাস্তা দিয়ে চলাচল করেন। আমি তো রং সাইড দিয়ে চলি না।#
পার্সটুডে/শামস মন্ডল/আশরাফুর রহমান/৩০