জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i16393-জনগণের_জীবনমান_উন্নয়নে_কাজ_করছে_সরকার_প্রধানমন্ত্রী
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আর সেটা মাথায় রেখেই আমরা কাজ করে যাচ্ছি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ০৪, ২০১৬ ১২:১৫ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আর সেটা মাথায় রেখেই আমরা কাজ করে যাচ্ছি।

আজ (বৃহস্পতিবার) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ২০১৬-২০১৭ অর্থবছরের বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

সরকারের ৪৮ মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর হয়।

এ সময়, দীর্ঘমেয়াদে উন্নয়ন ও দেশের কষ্টার্জিত অর্থ অপচয় ঠেকাতে সমন্বিতভাবে প্রকল্প নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, স্বাধীনতার পর জাতির পিতা যে সংবিধান দিয়ে গেছেন। সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আমরা বাজেট বৃদ্ধি করেছি। এতো বিশাল আকারে বাজেট বাংলাদেশে আর কেউ দেয়নি। আমাদের কষ্টার্জিত অর্থ কোনোভাবেই যেন অপব্যবহার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

শেখ হাসিনা বলেন, ২০০৮ সালের নির্বাচনে আমাদের রূপকল্প ঘোষণা করি। সেখানে কিছু স্বল্পমেয়াদী, কিছু মধ্যমেয়াদী ও কিছু দীর্ঘমেয়াদী প্রকল্প ছিলো। জনগণে চাহিদা কী, সেটা কীভাবে পূরণ করবো? সে বিষয়ে আমরা কাজ করি।

প্রধানমন্ত্রী বলেন, কারও কাছে ক্ষমতা হচ্ছে ভোগের বস্তু, আর কারও কাছে ক্ষমতা হচ্ছে কর্তব্য পালন করা। আমাদের হচ্ছে কর্তব্য পালন করা, জাতির প্রতি কর্তব্য পালন করা, দেশের মানুষের প্রতি কর্তব্য পালন করা।

তিনি আরও বলেন, এক সময় প্রচলিত ছিলো- সরকারি মাল, দরিয়ায় ঢাল। এ চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। উন্নয়নের সঙ্গে মানুষকে সম্পৃক্ত করতে হবে। আমরা যা করছি, সেটার অংশীদার সবাই। মানুষকে আগামী দিনের স্বপ্ন দেখতে হবে। সব সময় স্বপ্ন জাগ্রত রাখতে হবে, হাহাকার নয়।

দেশের মানুষকে নিজ-নিজ কাজে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছি এবং তার বাস্তবায়ন করছি। যদি আপনারা অতিরিক্ত শ্রমটা দিতে পারেন। তাহলেই আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো।#

পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/৪