ইংল্যান্ড ক্রিকেট দলের ঢাকা সফর অনিশ্চিত, নিরাপত্তা দিতে প্রস্তুত বিসিবি
বাংলাদেশে নিরাপত্তাজনিত সমস্যার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের আসন্ন ঢাকা সফর। অক্টোবরে ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ইন্টারন্যাশনাল এবং দু’টি টেষ্ট ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড দলের আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকা আসার কথা রয়েছে। বাংলাদেশে খেলার পর পরই তাদের ২ নভেম্বর ভারত সফর করার কথা।
সম্প্রতি গুলশানে সন্ত্রাসী হামলায় ১৭ জন বিদেশিসহ ২৯ জনের মৃত্যু, শোলাকিয়ায় ঈদের জামায়াতের কাছে হামলা এবং রাজধানীর এক আস্তানায় পুলিশি অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গি নিহত হওয়ার ঘটনায় সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একইসাথে বিদেশিদের মাঝেও নিরাপত্তা আশংকা দেখা দেয়। ব্রিটেন ও আমেরিকাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ তাদের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করে। এ অবস্থায় ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর নিয়েও আশংকা দেখা দেয়।
গতবছর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সফরে আসার মাত্র একদিন আগে না করে দিয়েছিলো অস্ট্রেলিয় দল। এবার ইংল্যান্ডের বেলায় তেমনটি না হোক সেটাই চায় ক্রিকেট আমোদীরা।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ইংল্যান্ড দলের সফর নির্ভর করছে বাংলাদেশে তাদের নিরাপত্তা নিশ্চিত হবার ওপর। এ জন্য ইংল্যান্ড দলের পক্ষ থেকে তাদের নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন আজ ভারত-বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হবেন বলে খবর দিয়েছে দি টেলিগ্রাফ পত্রিকার ক্রিকেট নিউজ করেসপন্ডেন্ট নিক হল্ট।
অস্ট্রেলিয়ার ক্রিকেট নগরী মেলবোর্ন পুলিশের সাবেক কর্মকর্তা রেগ ডিকাসন গত কয়েক বছর ধরে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট টীমের নিরাপত্তা পরামর্শক হিসেবে কাজ করছেন।
দু’সপ্তাহের নিরাপত্তা তদারকিতে রেগ ডিকাসন প্রথমে ভারত সফর করবেন, তারপর বাংলাদেশ।
তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, পুলিশ ও সেনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন। তাছাড়া, তিনি খেলার মাঠ, খেলোয়াড়দের জন্য থাকার হোটেল এবং যাতায়াত ব্যবস্থা ইত্যাদিও সরেজমিনে তদারক করবেন।
রেগ ডিকাসন নিরাপত্তা বিষয়ক তার পর্যবেক্ষণ প্রতিবেদন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির নিকট পেশ করবেন। এ প্রতিবেদনের ওপর মূলত নির্ভর করছে ইংল্যান্ড দলের বাংলাদেশে আসন্ন সফর।
তবে টেলিগ্রাফ পত্রিকা উল্লেখ করেছে, তারা শুধু খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিয়েই উদ্বিগ্ন নয়, বরং খেলা কভার করতে আসা মিডিয়া টিম এবং খেলা দেখতে আসা প্রচূর সংখ্যক ব্রিটিশ ভ্রমণকারীর নিরাপত্তার বিষয়টিও তাদের ভাবতে হচ্ছে। আর নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হলেও সেটা খেলোয়াড়দের বিদায় পর্যন্ত নিশ্চিত করা হবে– এটাও তারা নিশ্চিত হতে চান।
এ প্রসঙ্গে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মুখপাত্র জালাল ইউনুস রেডিও তেহরানকে বলেন, ইংল্যান্ড টিমের নিরাপত্তার ব্যাপারে তারা যে ভাবে চাইবেন সেরকম নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবেই নিশ্চিত করা হবে। এর আগে আন্ডার-নাইনটিন ১৬ টি টীমের খেলায় নিরাপত্তা দেয়া হয়েছে। এবার তো মাত্র একটা টিম; সমস্যা হবে না আশা করি।
বাংলাদেশের ক্রিকেট আমুদে মানুষ আশা করেন, যে ইংল্যান্ড দল যেন বাংলাদেশ সফর বাতিল না করে। তেমনি বাংলাদেশের পর্যটন প্রতিষ্ঠানগুলোও আশা করে বসে আছেন- এ খেলা উপলক্ষে বিদেশিরা আসবেন, হোটেল-মোটেলে উঠবেন, পর্যটন কেন্দ্রে বেড়াবেন- সব মিলিয়ে একটা আয়ের সুযোগও ঘটবে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৭