‘ঢাকা মহানগর পুলিশ আমান আযমীকে আটক বা গ্রেফতার করেনি’
-
ডিসি মাসুদুর রহমান ও আবদুল্লাহিল আমান আযমী
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমীকে আটক বা গ্রেফতার করা হয়নি বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ মিডিয়া সেলের ডিসি মাসুদুর রহমান জানান, আমান আযমী তাদের কাছে নেই। ঢাকা মহানগর পুলিশ তাকে আটক বা গ্রেফতার করেনি।
এর আগে তার পরিবার ও আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হয় যে, সোমবার রাত পৌনে ১২টার দিকে তাকে ১১৯/২ মগবাজার বাসা থেকে তুলে নেয়া হয়।
এরপর রাত একটার কিছু আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে আযমীকে আটকের অভিযোগ করেন তার ভাই সালমান আল-আযমী। তার অভিযোগ, ডিবি পুলিশের অন্তত ৩০-৩৫ জন তার ভাইকে তুলে নিয়ে গেছে।
গোলাম আযমের বাড়ির কেয়ার টেকার আযাদ সাংবাদিকদের বলেন, ‘আমি রাত নয়টার দিকে হাসপাতাল থেকে বাড়ির সামনে আসি। তখন গোয়েন্দা পুলিশ এসে আমার কাছে জানতে চান আব্দুল্লাহিল আযমী কোথায়। আমি কিছু জানি না বলাতে তারা আমাকে বেধড়ক পেটায়। গলির ভেতর প্রায় ২০টি মাইক্রোবাসে ৩০ জনের মত গোয়েন্দা পুলিশ (ডিবি) এসেছিল। পরে তারা রাত এগারোটার দিকে তাকে (আবদুল্লাহিল আমান আযমী) আটক করে নিয়ে যায়।’
তিনি আরও জানান, ‘চলে যাওয়ার সময় গোয়েন্দা পুলিশেরা আমাকে দেখিয়ে দিতে বলে, এই ভবনের আশেপাশে কোথায় কোথায় সিসি ক্যামরা আছে। গোলাম আযম সাহেবের বাড়িতে ক্যামেরা ছিল না। কিন্তু মহল্লার নিরাপত্তার ক্যামেরা ছিল গলিতে। সেগুলো তারা খুলে নিয়ে গেছে।’
আযমী সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে কর্মরত অবস্থায় ২০০৯ সালের ২৪ জুন বরখাস্ত হন। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৩