কুরবানির পশুর চামড়ার দাম কমিয়ে দিয়েছে ট্যানারি ব্যবসায়ীরা
আন্তর্জাতিক বাজারে চামড়ার দরপতন হয়েছে এমন অজুহাতে এবছর বাংলাদেশের ট্যানারি ব্যবসায়ীরা কুরবানির পশুর চামড়ার দাম কমিয়ে দিয়েছে।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে শুক্রবার সকালে ঢাকায় এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন(বিএফএলএলএফইএ)কোরবানির পশুর চামড়া সংগ্রহের মূল্য ঘোষণা করেছে।
ট্যানারি ব্যবসায়ীরা এবার ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া কিনবেন ৫০ টাকায়; ঢাকার বাইরে এর দাম হবে ৪০ টাকা। এছাড়া সারা দেশে খাসির লবণযুক্ত চামড়া ২০ টাকা এবং বকরির চামড়া ১৫ টাকায় সংগ্রহ করা হবে। গত বছরের তুলনায় এ বছর ৫ থেকে ১০ টাকা হারে কমেছে দাম।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, “আন্তর্জাতিক বাজারে চামড়ার দরপতন হয়েছে। এছাড়া গতবারের কেনা চামড়ার ৩০ শতাংশ এখনও মজুদ রয়ে গেছে। সব কিছু মিলিয়ে এবারের দাম নির্ধারণ করা হয়েছে। তাই পশু ও আকারভেদে এবার দাম ঠিক করা হয়েছে গতবারের চেয়ে সামান্য কম।”
উল্লেখ্য, গত বছর ট্যানারি ব্যবসায়ীরা ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকায় কিনেছেন। প্রতি বর্গফুট লবণযুক্ত মহিষের চামড়ার দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা; আর সারা দেশে খাসির লবণযুক্ত চামড়া ২০ থেকে ২২ টাকা এবং বকরির চামড়া ১৫ থেকে ১৭ টাকায় সংগ্রহ করা হয়েছিল।#
পার্সটুডে/এআরকে/আরএইচ/৯