জাতিসংঘে ‘এজেন্ট অব চেঞ্জ’ও ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ পেলেন শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i20845-জাতিসংঘে_এজেন্ট_অব_চেঞ্জ’ও_প্ল্যানেট_৫০_৫০_চ্যাম্পিয়ন’_পেলেন_শেখ_হাসিনা
লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গ্লোবাল পার্টনারশিপ ফোরাম-এর ‘এজেন্ট অব চেঞ্জ’ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি জাতিসংঘ উইমেন ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ উপাধিতে ভূষিত হয়েছেন।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০১৬ ০৮:৪২ Asia/Dhaka
  • পুরস্কার গ্রহণ করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    পুরস্কার গ্রহণ করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গ্লোবাল পার্টনারশিপ ফোরাম-এর ‘এজেন্ট অব চেঞ্জ’ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি জাতিসংঘ উইমেন ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ উপাধিতে ভূষিত হয়েছেন।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের ইউএন প্লাজায় স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। শেখ হাসিনার সঙ্গে মাল্টার প্রেসিডেন্ট মেরি রুইস কোলেরিও পার্সা এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুনের স্ত্রী ও ফার্স্ট লেডি বান সুন তায়েক 'প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন' পুরস্কার পান।

পুরস্কার বিতরণীর উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ উইমেনের উপনির্বাহী পরিচালক লক্ষ্মী পুরি ভাষণ দেন এবং সম্মাননাপত্র পড়ে শোনান। এছাড়া, জাতিসংঘ উইমেনের নির্বাহী পরিচালক পামজিলে ম্লামবো-নাকুকা এবং গ্লোবাল পার্টনারশিপ ফোরামের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী আমির দোসাল সমাপনী বক্তব্য দেন।

জাতিসংঘ উইমেন অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ ফোরামের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেখ হাসিনা

পুরস্কার গ্রহণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “এই স্বীকৃতির জন্য আমি গর্ববোধ করছি। আমাকে এই সম্মান দেয়ার জন্য জাতিসংঘ উইমেন অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ ফোরামকে ধনব্যাদ জানাই। এই পুরস্কার প্রমাণ করছে, বাংলাদেশের নারীরা সত্যিকারার্থেই পরিবর্তনের এজেন্ট।”

শেখ হাসিনা বলেন, "আমার এই পুরস্কার তাদের জন্য, যেসব নারী পুরুষের সঙ্গে সমান অংশীদারিত্বে কাজ করে যাচ্ছে। আমি এই পুরস্কার বাংলাদেশের সেসব মানুষের জন্য উৎসর্গ করছি, যারা আমার পরিবর্তনের লক্ষ্যে বিশ্বাস রেখেছেন।”

প্রধানমন্ত্রী বলেন, “আমি বিশ্বাস করি, এই পৃথিবীর জন‌্য একটি টেকসই ভবিষ‌্যৎ গড়ে তোলা নারী-পুরুষ সকলের দায়িত্ব। মানব ইতিহাসের এমন এক সময়ে আমরা পৌঁছেছি, যখন নারী-পুরুষের সমান অধিকার কেবল আর স্বপ্ন নয়, বাস্তবে পরিণত হতে চলেছে।”

পুরস্কার গ্রহণের পর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্পের মাধ্যমে দেশের তথ্য-প্রযুক্তিখাতের উন্নয়নে অবদান রাখায় সোমবার প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড'-এ ভূষিত হয়েছেন।

নিউ ইয়র্কে বিখ্যাত হলিউড অভিনেতা রবার্ট ডেভি সোমবার জয়ের হাতে এই পুরস্কার তুলে দেন। এ সময় তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এআর/২২