নির্বাচনের নামে মানুষ হত্যাকারীরাই জঙ্গিবাদের মূল হোতা: শেখ হাসিনা
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)
দেশে যারা নির্বাচনের নামে মানুষ হত্যা করেছে, তারাই সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদের মূল হোতা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গিবাদ দমনে সরকারের জিরো টলারেন্সে বিশ্বাস করে। একাত্তরের ঘাতকদের মতো জঙ্গিদের সঙ্গে তাদের মদদদাতা ও উস্কানিদাতাদের বিচার করার কথাও জানান তিনি।
বুধবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ৭০তম জন্মদিনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে রিজ কার্লটন হোটেলে সমবেত হন বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশিরা। এর আগে, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে জন্মদিনের কেককাটা ও অন্যান্য অনুষ্ঠান বাতিল করেন প্রধানমন্ত্রী।
এ সময়, দেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংকটের সময় সাহসী ভূমিকার জন্য প্রবাসীদের কাছে আমার অনেক ঋণ।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। অপরাধীদের বিচার হচ্ছে। জাতির জনকের হত্যার বিচার হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার চলছে। জাতীয় চার নেতা হত্যার বিচারসহ সকল হত্যাকাণ্ডের বিচার আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হবে। দেশ বিরোধীদের ঠাঁই আর স্বাধীন বাংলাদেশে হবে না।
শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎসহ নানা খাতে সরকারের সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবতায় রূপ দিতে যুগান্তকারী সব পদক্ষেপ নিয়েছে সরকার। দেশের তৃণমূল পর্যায়ে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা পৌঁছে দিতে ৪ হাজার ৫৫০টি ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার। শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে শতভাগ ছাত্রছাত্রীর মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম। চালু করা হয়েছে উপবৃত্তি ব্যবস্থা।
এছাড়া কৃষি, প্রবাসী শ্রমিকদের উন্নয়ন, শিল্প ও বাণিজ্যখাতে সফলতাসহ নানা বিষয়ে তার সরকারের নেয়া বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন তিনি। দেশের উন্নয়নে প্রবাসীদেরকে আরো বেশি করে দেশের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত হবার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৯