পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি
-
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া
পবিত্র আশুরা, হিন্দুদের দুর্গাপূজা এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া, আসন্ন আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে কোনো ধরনের ধারালো হাতিয়ার বহন করা যাবে না বলে ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বৃহস্পতিবার মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজম্যান্টের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জানান, এবার মুসলমানদের আশুরা এবং হিন্দুদের দুর্গা পূজা একই সময়ে পড়ায় ‘নিশ্ছিদ্র নিরাপত্তা’ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
“আমরা পুলিশ, র্যাব এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে প্রত্যেকটা মণ্ডপের জন্য আলাদা আলাদা ব্যবস্থা গ্রহণ করব। মহররমের মিছিলেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।”
রাজধানীতে আশুরা উপলক্ষে হোসেনী দালান থেকে যে তাজিয়া মিছিলটি বের হয়, তাতে অংশগ্রহণকারী শিয়া মুসলিম সম্প্রদায়ের অনেকেই নিজেদের শরীর নানাভাবে রক্তাক্ত করে শোকের মাতম করে থাকেন। (তবে ইরানের সর্বোচ্চ নেতার ফতোয়া অনুযায়ী আশুরায় শরীর রক্তাক্ত করা হারাম।) এছাড়া, গত বছর তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় ভোররাতে হোসেনী দালানে জঙ্গি বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটেছিল। সে কারণে এবার পুলিশ আগেই উদ্যাক্তাদের ডেকে বলেছে, এ বছর নিরাপত্তার কারণে কোনো ধরনের ধারালো হাতিয়ার নিয়ে মিছিল করা যাবে না।
হিজরি পঞ্জিকা আনুয়ায়ী ১০ মহররম মুসলিম বিশ্বে আশুরা পালিত হয়। এক হাজার ৩৩২ বছর আগে এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (আ.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৯