বিকেলে ঢাকা ফিরছেন প্রধানমন্ত্রী; গণ-অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে নেতা-কর্মীরা
https://parstoday.ir/bn/news/bangladesh-i21562-বিকেলে_ঢাকা_ফিরছেন_প্রধানমন্ত্রী_গণ_অভ্যর্থনা_জানাতে_বিমানবন্দরে_নেতা_কর্মীরা
জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগদানসহ প্রায় দুই সপ্তাহের ব্রিটেন, কানাডা ও আমেরিকা সফর শেষে আজ (শুক্রবার) বিকেলে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৫টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০১৬ ১২:৪০ Asia/Dhaka
  • বিকেলে ঢাকা ফিরছেন প্রধানমন্ত্রী; গণ-অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে নেতা-কর্মীরা

জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগদানসহ প্রায় দুই সপ্তাহের ব্রিটেন, কানাডা ও আমেরিকা সফর শেষে আজ (শুক্রবার) বিকেলে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৫টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ব্যাপক শোডাউনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে গণ-অভ্যর্থনা দিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ ও ১৪ দল। এরই মধ্যে বিমান বন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা।

ব্রিটেন, কানাডায় গ্লোবাল ফান্ড এবং আমেরিকায় জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন তিনি। কানাডা ও আমেরিকা সফরকালে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাজনৈতিক, সামাজিক নেতাদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে জাতিসংঘের ৭১তম অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান এবং দক্ষ রাষ্ট্র পরিচালনা ও বহুমাত্রিক অবদানের জন্য জাতিসংঘ পদক প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন ও এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত হন তিনি। এ উপলক্ষে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগসহ ১৪ দল।

আওয়ামী লীগ, তাদের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খিলক্ষেত, কুড়িল ফ্লাইওভার, হোটেল র‍্যাডিসন, কাকলীর মোড়, বনানী, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণি, সামরিক জাদুঘর, জাতীয় সংসদ ভবন মোড় ও গণভবন পর্যন্ত সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবে। কে কোথায় দাঁড়াবে এরই মধ্যে কেন্দ্রীয়ভাবে তা নির্ধারণ করে দেয়া হয়েছে।

অভ্যর্থনার জন্য দলের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে যথাসময়ে এ অভ্যর্থনা কর্মসূচিতে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৩০