১৪১ রানে হারল আফগানিস্তান: সিরিজের সঙ্গে শততম জয় বাংলাদেশের
https://parstoday.ir/bn/news/bangladesh-i21718-১৪১_রানে_হারল_আফগানিস্তান_সিরিজের_সঙ্গে_শততম_জয়_বাংলাদেশের
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ব্যাটে-বলে সমান নৈপুণ্য দেখিয়ে সফরকারি আফগানিস্তানকে ১৪১ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে এই জয় ছিল ওয়ানডেতে টাইগারদের শততম জয়। মাইলফলকের এই জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে মাশরাফি বাহিনী।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ০১, ২০১৬ ২০:৩৯ Asia/Dhaka
  • ১৪১ রানে হারল আফগানিস্তান: সিরিজের সঙ্গে শততম জয় বাংলাদেশের

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ব্যাটে-বলে সমান নৈপুণ্য দেখিয়ে সফরকারি আফগানিস্তানকে ১৪১ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে এই জয় ছিল ওয়ানডেতে টাইগারদের শততম জয়। মাইলফলকের এই জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে মাশরাফি বাহিনী।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি। তামিম ইকবালের শতক (১১৮) ও সাব্বিরের অর্ধশতকে ভর করে স্কোরবোর্ডে ২৭৯ রান জমা করে বাংলাদেশ। শেষপর্যায়ে মাহমুদউল্লাহর ২২ বলে ৩২ রানের অপরাজিত ইনিংসটিও বড় অবদান রেখেছে বাংলাদেশের বড় সংগ্রহের পেছনে। এছাড়া, সাকিব আল হাসান ১৭, মুশফিকুর রহিম ১২ এবং সৌম্য সরকার করেন ১১ রান।  

আফগানদের হয়ে মোহাম্মদ নবী, মিরওয়াইস আশরাফ ও রশিদ খান দু’টি করে উইকেট লাভ করেন। একটি করে নেন দৌলত জাদরান, রহমত শাহ।

Image Caption

২৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বড় কোনো জুটিই গড়ে তুলতে পারেননি আফগান ব্যাটসম্যানরা। প্রথম দুই ম্যাচে ভালো নৈপুণ্য দেখানো ওপেনার আহমেদ শেহজাদ সাজঘরে ফিরেছিলেন রানের খাতা না খুলেই। দ্বিতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন আরেক ওপেনার নওরোজ মঙ্গল ও রহমত শাহ। কিন্তু ১৪তম ওভারে আফগানিস্তানের দুটি উইকেট তুলে নিয়েছেন মোশাররফ। ৩৩ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন মঙ্গল। হাসমতউল্লাহ শাহিদি আউট হয়েছেন শূন্য রানে।

৫৫ রানে চার উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে ২৮ রানের জুটি গড়েছিলেন রহমত শাহ ও সামিউল্লাহ শেনওয়ারি। কিন্তু টানা দুই ওভারে এই দুজনকেই সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। ৩৬ রান করে আউট হয়েছেন রহমত শাহ। ২৬তম ওভারে আফগানিস্তানের শেষ ভরসা মোহাম্মদ নবীর উইকেটও তুলে নিয়েছেন মোশাররফ হোসেন রুবেল।

দীর্ঘ আট বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন মোশাররফ। ৮ ওভার বল করে মাত্র ২৪ রানের বিনিময়ে নিয়েছেন তিনটি উইকেট। দুটি উইকেট গেছে তাসকিন আহমেদের ঝুলিতে। একটি করে উইকেট নেন মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন।

ম্যাচ ও সিরিজ সেরা তামিম ইকবাল

১১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৮ রানের ইনিংস খেলে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পান তামিম ইকবাল। এছাড়া, তিন ম্যানে ২১৮ রান করে সিরিজ সেরার পুরস্কারও ওঠে তামিমের হাতে। তবে পুরস্কার নিয়ে তিনি জানালেন এই উইকেটে ব্যাট করা মোটেও সহজ কাজ নয়।

“অনেক অপেক্ষার পর অবশেষে শতকের দেখা পেলাম। প্রথম ম্যাচেই সুযোগ ছিল কিন্তু কাজে লাগাতে পারিনি। তবে আমি খুশি নিজেদের শততম জয়ে আমি শতক করতে পেরেছি। তবে সত্যি বলতে এই উইকেটে ব্যাট করা মোটেও সহজ কাজ নয়। বল খানিক আগেই স্পিন করছিল, তাই বল বুঝতে কষ্ট হয়েছে।”

তিনি আরও বলেন, “উইকেট শক্ত এবং ড্রাই ছিল, আমি আমার সময় নিয়ে শতক করেছি। সামনে ইংল্যান্ড সিরিজ, যা আমাদের সবার জন্যই অনেক বড় একটি চ্যালেঞ্জ। তবে আমাদের ছেলেরা এখন পুরোপুরি প্রস্তুত, এই ম্যাচে সবাই সবার সেরাটা দিয়ে খেলার চেষ্টা করেছে।”

আগামী ৭ অক্টোবর মিরপুরে প্রথম ওয়ানডেতে ইংলিশদের মুখোমুখি হবে মাশরাফিবাহিনী। তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলতে ঢাকায় অবস্থান করছে ইংল্যান্ড ক্রিকেট দল।#

পার্সটুডে/এআর/২