রাজধানীতে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i21763-রাজধানীতে_স্মার্টকার্ড_বিতরণ_কার্যক্রমের_উদ্বোধন_করলেন_শেখ_হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে বলেছেন, জঙ্গিবাদ নিরসনে স্মার্টকার্ড ভূমিকা পালন করবে। অপরাধীদের দ্রুত ধরতে এই কার্ড সহায়তা করবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ০২, ২০১৬ ১৩:০৩ Asia/Dhaka
  • রাজধানীতে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে বলেছেন, জঙ্গিবাদ নিরসনে স্মার্টকার্ড ভূমিকা পালন করবে। অপরাধীদের দ্রুত ধরতে এই কার্ড সহায়তা করবে।

আজ (রোববার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে চোখের আইরিশ ও আঙুলের ছাপ দিয়ে একটি উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড গ্রহণ করেন। এর মধ্যদিয়ে তিনি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় শেখ হাসিনা বলেন, "স্মার্টকার্ড ডিজিটাল বাংলাদেশ গড়ারই একটি অংশ। ডিজিটাল বাংলাদেশের উদ্দেশ্য মানুষকে আরো উন্নত জীবন দেয়া। আমরা কারো কাছে হাত পেতে কিংবা মাথানিচু করে নয়, জাতি হিসেবে মাথা উঁচু করে চলব। উন্নত বিশ্বের কাঁতারে স্থান করে নেব।"

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল আফগানিস্তানের বিপক্ষে বিজয়ী বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং তাঁদের হাতে স্মার্টকার্ড তুলে দেন।

প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মার্টকার্ড নিচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা

বাংলাদেশ দলের অধিনায়ক এবং বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত এই স্মার্টকার্ড প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, নাসির হোসেইন, ইমরুল কায়েস ও তাজুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছ থেকে তাঁদের স্মার্টকার্ড গ্রহণ করেন।

আজ থেকে দেশের প্রায় এক কোটি নাগরিককে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হিসেবে স্মার্টকার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো দেয়া এ স্মার্টকার্ড জাতীয় পরিচয়পত্রের বদলে বিতরণ করা হবে।

প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মার্টকার্ড নিচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান

প্রাথমিক পর্যায়ে দেশের এক কোটি নাগরিককে এই স্মার্টকার্ড দেয়া হলেও পরবর্তীতে জাতীয় পরিচয়পত্রধারী প্রায় ১০ কোটি ভোটার এই কার্ড পাবেন। এই স্মার্টকার্ডের মেয়াদ হবে দশ বছর।

সংশ্লি­ষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভুয়া পরিচয়পত্র রোধে কার্যকরী এই স্মার্টকার্ড ব্যবহারে চাকরির আবেদন, ভোটার শনাক্তকরণ, ব্যাংক হিসাব খোলা, পাসপোর্ট তৈরি, ই-গভর্নেন্স, ই-পাসপোর্ট সেবাসহ ২৫ ধরনের সেবা গ্রহণ করা যাবে। এর বিশেষত্ব হলো, স্মার্টকার্ডটি অনলাইনে ও অফলাইনে দু’ভাবেই ভেরিফিকেশন করা যাবে। এতে নাগরিকের সব তথ্য সংবলিত মাইক্রোচিপস থাকবে।  

প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মার্টকার্ড নিচ্ছেন ক্রিকেটার নাসির হোসেন

স্মার্টকার্ড পেতে হলে জাতীয় পরিচয়পত্রধারী ভোটারদের বর্তমান লেমিনেটিং করা কার্ডটি জমা দিতে হবে। এ সময় দুই হাতের ১০ আঙুলের ছাপ এবং আইরিশ বা চক্ষুর কনীনিকার ছবিও দিতে হবে। প্রতিটি নাগরিককে বিনামূল্যে স্মার্টকার্ড দেয়া হবে।এরপর নবায়ন, হারানো কার্ড উত্তোলন বা সংশোধনের জন্য নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

নতুন এই স্মার্টকার্ডে ২৫ ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ফলে এই কার্ড নকল করা খুব সহজ হবে না বলে জানা গেছে। এছাড়া, এই কার্ডের মাধ্যমে ২০ ধরনের নাগরিক সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২