আমরা কোনো ভুল করিনি, স্যরি বলার কিছু নেই: মাশরাফি
-
সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা
ঢাকার মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিজেদের কোনো ভুল দেখছেন না বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইংলিশ দলপতি জস বাটলারের সঙ্গে বাংলাদেশি ক্রিকেটাররা কোনো বাজে আচরণ করেননি বলেও মন্তব্য করেন তিনি।
আজ (মঙ্গলবার) চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে স্কাই স্পোর্টসের প্রতিনিধি ব্রিটিশ সাংবাদিক টিম আব্রাহাম প্রশ্ন করেন, “মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে জস বাটলারের আউটের পর যে এত কিছু হলো, বাংলাদেশের দুই খেলোয়াড় তার জন্য শাস্তিও পেলেন, এসবের জন্য এখন কি মাশরাফি বিন মুর্তজা অনুতপ্ত?”
জবাবে মাশরাফি বলেন, “দেখুন, আমরা ব্যাপারটা এভাবে দেখি যে উইকেট পাওয়ার পর আমরা স্রেফ সেলিব্রেট করছিলাম। এটাকে স্বাভাবিকভাবেই নেয়া উচিত। সব দলই উইকেট পেলে উদযাপন করে। তবে ম্যাচ রেফারি হয়ত ভেবেছেন উদযাপনটা কোড অব কন্ডাক্টের বাইরে হয়ে গেছে, যদিও আমরা সেটা বোঝাতে চাইনি।”
স্কাইয়ের প্রতিনিধির এবার প্রশ্ন, ‘তাহলে কি অমন উদযাপনের জন্য জস বাটলারকে স্যরি বলবেন?’
এবার মাশরাফি বললেন, “সত্যি বলতে আমরা কোনো ভুল করিনি। স্যরি বলার কিছু নেই। আমরা স্রেফ উদযাপন করেছি। আমাদের দুঃখ প্রকাশ করার কিছু নেই। যা হয়েছে, ম্যাচ রেফারি দেখেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন। আমি এখনও মনে করি, ছেলেরা স্রেফ উদযাপন করছিল।”
বাংলাদেশের উদযাপন আইসিসি আচরণবিধির বাইরে ছিল বলে ম্যাচ রেফারির অভিমত ম্যাচ শেষে মেনে নিয়েছেন মাশরাফি। স্কাইয়ের প্রতিনিধি প্রশ্ন করলেন সেই মেনে নেয়া নিয়েও। মাশরাফির উত্তর, “মেনে নেয়া ছাড়া আর কোনো বিকল্প তো নেই!”
তামিমের সঙ্গে ইংলিশ সহ-অধিনায়ক বেন স্টোকসের সমস্যা হয়েছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন, "ওই ঘটনার সময় তামিমের সামনে্ই ছিলাম আমি। তা ছাড়া ভিডিওতেও আমি তা দেখেছি। কিন্তু তামিমের কোনো ভুল আমার চোখে পড়েনি। অবশ্য এর জন্য অন্য কাউকে দোষ দিতে চাই না আমি।"
শেষ ম্যাচে এ ঘটনার কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে মাশরাফি বলেন, "আমরা মাঠে সিরিজ জয়ের জন্যই নামব। আর জিততে হলে আমরা খেলেই জিতব। খেলার বাইরের কোনো ইস্যুকে আমরা বড় করে দেখছি না।"
এ সময় নাসির, মোসাদ্দেক হোসেনসহ তরুণ ক্রিকেটাররা ভালো করছেন বলে তাদের প্রশংসা করেন টাইগার অধিপতি।
গত রোববার দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড ইনিংসের ২৮তম ওভারে তাসকিন আহমেদের বলে এলবিডব্লিউর আবেদনে আম্পায়াররা প্রথমে সাড়া দেননি। পরে রিভিউ নেয় বাংলাদেশ। ফল আসে বাংলাদেশেরই পক্ষে। আম্পায়ার সিদ্ধান্ত বদল করে বাটলারকে আউট ঘোষণা করলে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো দল। স্বাগতিক দলের এই উল্লাস দেখে মাঠেই উত্তেজিত হয়ে পড়েন ইংল্যান্ড অধিনায়ক।
জস বাটলারের আউটের পর অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য জরিমানা করা হয়েছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে। দুজনের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসির ওয়েবসাইটে বলা হয়, আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের জাভাগল শ্রীনাথসহ প্যানেলের অন্যদের কাছে ওই তিন ক্রিকেটার দোষ স্বীকার করেছেন, সাজাও মেনে নিয়েছেন। এ কারণে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন নেই। তিনজনের ব্যাপারে অভিযোগ আসে মাঠের আম্পায়ার আলিম দার, শরফদৌলা, থার্ড আম্পায়ার মারাইস এরাসমাস এবং ফোর্থ আম্পায়ার আনিসুর রহমানের কাছ থেকে।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দুই ম্যাচে ১-১ সমতায় রয়েছে দু'দল। আগামীকাল সিরিজ জয়ের লক্ষ্যে দু’দল পরস্পরের মোকাবেলা করবে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১১