তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড
‘অলিখিত ফাইনাল’ ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল সফরকারী ইংল্যান্ড। দেশের মাটিতে টানা ছয়টি সিরিজ জেতার পর অবশেষে হারের মুখ দেখল মাশরাফি বিন মুর্তজার দল।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জস বাটলার। নির্ধারিত ৫০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২৭৭ রান। জবাবে, ৪ উইকেট হাতে রেখে ৪৭.৫ ওভার ব্যাট করে জয় তুলে নেয় ইংল্যান্ড।
দলীয় ৬৩ রানের মাথায় ইংলিশরা তাদের প্রথম উইকেট হারায়। ইংলিশ শিবিরে প্রথম আঘাত হানেন নাসির হোসেন। ৩৭ বলে ৫টি চারের সাহায্যে ৩২ রান করে ইনিংসের ১২তম ওভারে এলবির ফাঁদে পড়েন জেমস ভিন্স।
এরপর জুটি গড়েন স্যাম বিলিংস এবং বেন ডাকেট। এই জুটি থেকে আসে আরও ৬৪ রান। টাইগারদের গলার কাঁটা হয়ে থাকা বিলিংসকে ইনিংসের ২৫তম ওভারে ফিরিয়ে দেন মোসাদ্দেক। তার দুর্দান্ত ডেলিভারিতে ইমরুলের হাতে স্কয়ার লেগে ধরা পড়েন ৬৯ বলে চারটি চার আর একটি ছক্কায় ৬২ রান করা বিলিংস।
ইনিংসের ৩২তম ওভারে আক্রমণে আসেন শফিউল। টাইগার এই পেসার নিজের দ্বিতীয় বলেই ক্লিন বোল্ড করেন বেয়ারস্টোকে। ১৮ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন ইংলিশ এই ব্যাটসম্যান। দলীয় ১৭২ রানের মাথায় ইংল্যান্ড তাদের তৃতীয় উইকেট হারায়।
এর ওভার পরেই বেন ডাকেটকে ফিরিয়ে দেন শফিউল। উইকেটে সেট হয়ে ক্রমেই ভয়ঙ্কর হতে থাকা ডাকেট ৬৮ বলে চারটি চার আর একটি ছক্কায় ৬৩ রান করে স্কুপ করতে গিয়ে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি হন। মুশফিক দুর্দান্ত ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন ডাকেটকে। দলীয় ১৭৯ রানের মাথায় ইংলিশদের চতুর্থ উইকেটের পতন ঘটে।
ইনিংসের ৪১তম ওভারে ব্রেক থ্রু আনেন মাশরাফি। বোল্ড করে ফিরিয়ে দেন ইংলিশ দলপতি বাটলারকে। ২৬ বলে তিনটি বাউন্ডারিতে ২৫ রান করে ফেরেন বাটলার। বাটলার-স্টোকস জুটি থেকে আসে আরও ৪৮ রান। এক ওভার পর মাশরাফি ফিরিয়ে দেন মঈন আলীকে। আর এই উইকেট দখলের মধ্যদিয়ে মাশরাফি টাইগারদের জার্সি গায়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটের মালিক হন। ২৩৬ রানের মাথায় ইংলিশদের ষষ্ঠ উইকেটের পতন ঘটে।
তবে, উইকেট আগলে রেখে ক্রিস ওকস ১৮ বলে তিনটি চার আর একটি ছক্কায় করেন অপরাজিত ২৭ রান। আর ৪৮ বলে একটি চার আর দুটি ছক্কায় অপরাজিত ৪৭ রান করেন বেন স্টোকস। শেষ ৩২ বলে এই জুটি অবিচ্ছিন্ন থাকেন ৪২ রান করে।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। তামিম ইকবাল এবং ইমরুল কায়েসে ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড জুটি গড়েন। তাদের জুটিতে আসে ৮০ রান। ওপেনিং জুটি ভাঙেন বেন স্টোকস। ইমরুল কায়েসকে ৪৬ রানে সাজঘরে পাঠান তিনি। ইমরুলের পর তামিমও দ্রুতই ফিরে যান। তিনি ৪৫ রান করে আদিল রশিদের বলে আউট হন।
এদিন প্রথম বাংলাদেশী হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। তামিম আউট হলে মাঠে নামেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি আজ ব্যাট হাতে ব্যর্থ হন। মাত্র ৬ রান করে আউট হন তিনি। এবারও বোলার আদিল রশিদ।
এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন সাব্বির রহমান। এরপরই আদিল রশিদের বলে সাজঘরে ফেরেন সাব্বির। তিনি ৪৬ বলে ৪৯ রান করেন।
সাব্বিরের পর দ্রুতই ফিরে যান সাকিব আল হাসান। তিনি মাত্র ৪ রান করে মঈন আলীর বলে স্টাম্প হন। নাসিরও ব্যর্থ হয়েছেন আজ। তিনিও ৪ রান করে আদিল রশিদের বলে আউট হন।
এরপর মোসাদ্দেককে সাথে নিয়ে ৮৫ রানের কার্যকর জুটি গড়েন মুশফিক। মুশফিক তুলে নেন নিজের ২৩তম ওডিআই ফিফটি। শেষ পর্যন্ত মুশফিক ৬২ বলে ৬৭ এবং মোসাদ্দেক ৩৯ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন।
আজকের খেলায় ৪৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান ইংল্যান্ডের বোলার আদিল রশিদ। আর টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।#
পার্সটুডে/এআর/২১