বিদেশিদের কাছে অহেতুক কান্নাকাটি করে কোনো লাভ নেই: শেখ হাসিনা
-
আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "বাংলাদেশে গণতন্ত্র নেই বলে যারা বিদেশিদের কাছে অভিযোগ করেছে, এ দেশে তাদের কোনো স্থান নেই। বিদেশিদের কাছে অহেতুক কান্নাকাটি করে কোনো লাভ নেই। যারা যুদ্ধাপরাধীদের মদদ দেয়, জনগণকে পুড়িয়ে মারে, বিপুলসংখ্যক মানুষের সঙ্গে ছিনিমিনি খেলে এবং জনগণের অর্থ ও সম্পদ লুট করে, অবশ্যই তাদের ধরা হবে।"
আজ (শনিবার) বিকেলে গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, "দেশের জনগণের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে তাদের অবৈধভাবে ক্ষমতা দখলকারী এবং ক্ষমতার অপব্যবহার করে দল গঠনকারীদের কাছ থেকে গণতন্ত্রের ছবক শুনতে হয়। দেশবাসীকে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।"
এদিকে, সন্ধ্যায় আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় দেয়া বক্তৃতায় শেখ হাসিনা বলেন, "৮১ থেকে ২০১৬, পঁয়ত্রিশ বছর। আর কতো..? সেটাই আমার কথা। কাজেই আমি চাইব সবাই নতুন নেতা নির্বাচিত করুন। দলটা আরও সুন্দরভাবে এগিয়ে যাক।"
আওয়ামী লীগ সভাপতি বলেন, "বঙ্গবন্ধু চারা রোপন করে গিয়েছিলেন, তা মহীরুহু হয়ে এতো বড় হয়েছে। কাজেই ভবিষ্যতের জন্য আপনারা নতুন চারা রোপন করুন। দলকে আরও সুসংগঠিত করুন। সেটাই কামনা করি।"
আওয়ামী লীগ কাউন্সিলরদের উদ্দেশ্যে তিনি বলেন, "বাংলাদেশ আওয়ামী লীগ তার ঐতিহ্য রক্ষা করবে। আমাদের সম্মেলন সামনে। এ সম্মেলনে সবাই নতুন-নতুন নেতা নির্বাচিত করবেন।"
এর আগে গত ২ অক্টোবর গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছিলেন, "আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমার তো ৩৫ বছর হয়ে গেছে। এখন দল যদি আমাকে অবসরের সুযোগ দেয় তাহলে আমি সব থেকে বেশি খুশি হব।"
পার্সটুডে/এআর/১৫