ভারত পৌঁছেছেন শেখ হাসিনা: গোয়া বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
https://parstoday.ir/bn/news/bangladesh-i23101-ভারত_পৌঁছেছেন_শেখ_হাসিনা_গোয়া_বিমানবন্দরে_ফুলেল_শুভেচ্ছা
'ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ' শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের দক্ষিণ-পঞ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ১৬, ২০১৬ ০৯:০৫ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

'ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ' শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের দক্ষিণ-পঞ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১০৯১ আজ (রোববার) স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় গোয়া নেভাল এয়ারপোর্টে অবতরণ করে। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর, গোয়া সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী এলিনা সালদানহা ও সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদ্ম জইসওয়াল।

এসময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও মুম্বাইয়ে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার উপস্থিত ছিলেন। 

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা, স্ট্যাটিক গার্ড প্রদর্শন ও সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে বরণ করার পর তাকে নিয়ে যাওয়া হয় গোয়ার হোটেল দ্য লীলায়। সফরকালে এই হোটেলেই অবস্থান করবেন তিনি।  

সফরকালে বিমসটেক-ব্রিকস শীর্ষনেতাদের আউটরিচ শীর্ষ সম্মেলনের পাশাপাশি বিমসটেক লিডারস রিট্রিট কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে অন্তত পাঁচটি দ্বি-পাক্ষিক করবেন শেখ হাসিনা। ২০ ঘণ্টার ঝটিকা সফর শেষে আগামীকাল সোমবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, উঠতি অর্থনীতির জাতীয় শক্তিধর দেশের জোট হল ব্রিকস (BRICS)। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এ জোটের সদস্য দেশ। প্রত্যেকটি দেশের ইংরেজী নামের আদ্যক্ষর নিয়ে এই নামকরণ।

বঙ্গোপসাগরকে ঘিরে থাকা বা বাণিজ্যের জন্য তার ওপর নির্ভরশীল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সদস্য দেশগুলোর সহযোগিতামূলক জোট হল বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation)। বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, ভুটান ও নেপাল এ জোটের সদস্য।#

পার্সটুডে/এআর/১৬