'শেখ হাসিনা শুধু বাংলাদেশের নন, সমগ্র উপমহাদেশ ও বিশ্বের নেতা'
https://parstoday.ir/bn/news/bangladesh-i23713-'শেখ_হাসিনা_শুধু_বাংলাদেশের_নন_সমগ্র_উপমহাদেশ_ও_বিশ্বের_নেতা'
ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র ভাইস প্রেসিডেন্ট সংসদ সদস্য বিনয় প্রভাকর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, তিনি শুধু বাংলাদেশের নন, সমগ্র উপমহাদেশ ও বিশ্বের নেতা। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন বিনয় প্রভাকর।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ২২, ২০১৬ ১৭:০১ Asia/Dhaka
  • বিজেপি’র ভাইস প্রেসিডেন্ট সংসদ সদস্য বিনয় প্রভাকর
    বিজেপি’র ভাইস প্রেসিডেন্ট সংসদ সদস্য বিনয় প্রভাকর

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র ভাইস প্রেসিডেন্ট সংসদ সদস্য বিনয় প্রভাকর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, তিনি শুধু বাংলাদেশের নন, সমগ্র উপমহাদেশ ও বিশ্বের নেতা। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন বিনয় প্রভাকর।

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের সীমান্তে কোনো সন্ত্রাসকে তিনি প্রশ্রয় দিচ্ছেন না। সন্ত্রাসের বিরুদ্ধে শেখ হাসিনার কঠোর অবস্থান এবং বাংলাদেশের মাটি সন্ত্রাসীদের ব্যবহার করতে না দেয়ার অঙ্গীকারকে স্বাগত জানান বিজেপি’র এ নেতা।

আগামীতে দ্বিপাক্ষিক বিভিন্ন সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করে বিনয় বলেন, "ভারত ও বাংলাদেশের মধ্যে পানি চুক্তি হয়েছে। ভূমি সমস্যা সমাধান হয়েছে, এটা আমাদের সরকারের সময় হয়েছে।"

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, সংসদ উপনেতা পার্থ চ্যাটার্জি শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, সোনার বাংলা তৈরি করতে কাজ করে যাচ্ছেন তিনি। দেশের উন্নয়নে তার অবদান অনেক। তিনিই ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করেছেন।

পার্থ আরো বলেন, "দুই বাংলা ভূখণ্ডে আলাদা হতে পারে, তবে হৃদয় থেকে কখনো আমরা আলাদা হতে পারি নি। তাই সবসময়ই আমরা এক।"

তিনি বলেন, "রবীন্দ্রনাথ, নজরুল, লালন, জীবনান্দ দাশ, শামসুর রাহমান সবই আমাদের এক। তারাই আমাদের অনুপ্রেরণা।"

রাশিয়ার ক্ষমতাসীন দলের নেতা সেলেক্সিয়া বংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বিশ্বে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এছাড়া, সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন ভারতের জাতীয় কংগ্রেসের বর্তমান বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদ, ভারতের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসিস্ট) নেতা বিমান বসু, ভারতের মিজোরাম রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জোরামথাংগা, রাজ্যসভার সদস্য মাজেদ মেমন, ভুটানের তথ্য ও যোগাযোগমন্ত্রী দিনা নাথ দাঙ্গিয়েল, নেপাল কমিউনিস্ট পার্টির ড. রাম শর্মা, রাশিয়ার সংসদ সদস্য সের্গেই জেলিজনিয়াক, অস্ট্রেলিয়ার লেবার পার্টির হিউ ম্যাকডার্মট, কানাডিয়ান কনজারভেটিভ পার্টির নেতা দিপক ওবরেয়, ব্রিটেনের জেনি রাথবোন এবং ইতালির ডেমোক্রেটিক পার্টির নেতা ইওগো প্যাপি।#   

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২১‌