মিয়ানমারের সমালোচনা করল সিপিবি, রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দাবি গয়েশ্বরের
https://parstoday.ir/bn/news/bangladesh-i26401-মিয়ানমারের_সমালোচনা_করল_সিপিবি_রোহিঙ্গাদের_বাংলাদেশে_প্রবেশের_সুযোগ_দাবি_গয়েশ্বরের
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ২২, ২০১৬ ১১:৩২ Asia/Dhaka
  • মুজাহিদুল ইসলাম সেলিম- গয়েশ্বর চন্দ্র রায়
    মুজাহিদুল ইসলাম সেলিম- গয়েশ্বর চন্দ্র রায়

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

আজ (মঙ্গলবার) সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে অভিযোগ করেন, মিয়ানমারের সরকারের মদদপুষ্ট হয়ে সেদেশের রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হামলা, নির্যাতন বাড়ি ঘরে অগ্নিসংযোগ, গণহত্যা ইত্যাদি চালানো হচ্ছে।

বিবৃতিতে সিপিবি নেতারা রোহিঙ্গাদের মানবাধিকারে নিশ্চয়তা বিধান এবং তাদের নাগরিকত্ব, ভোটাধিকার, কর্মের সুযোগ, শিক্ষার সুযোগ ইত্যাদি সুযোগ-সুবিধা প্রদানের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে কফি আনানের নেতৃত্বে জাতিসংঘের উদ্যোগে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী এই সমস্যা সমাধানের ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান তারা।

সিপিবির পক্ষ থেকে এ বিষয়ে জরুরি ভিত্তিতে উপযুক্ত কূটনৈতিক ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানানো হয়।

এদিকে, মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ (মঙ্গলবার) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ এই আলোচনা সভার আয়োজন করে। 

টেকনাফে ১২৫ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের ২০টি নৌকা ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারে ১২৫ নাগরিককে ফেরত পাঠিয়েছে বিজিবি। মঙ্গলবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে থেকে তাদের ফেরত পাঠানো হয়।

বিজিবির টেকনাফ ২-এর অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বলেন, "মঙ্গলবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের রোহিঙ্গাদের ২০টি নৌকা ফেরত পাঠানো হয়েছে। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা নাগরিক ছিল।"

পার্সটুডে/এআর/২২