নাসিক নির্বাচন: বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি শঙ্কা
https://parstoday.ir/bn/news/bangladesh-i26962-নাসিক_নির্বাচন_বিএনপি_নেতাকর্মীদের_মধ্যে_উৎসাহ_উদ্দীপনার_পাশাপাশি_শঙ্কা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনকে ঘিরে জেলা বিএনপি’র সকল স্তরের নেতাকর্মী, সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। পাশাপাশি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া নিয়ে মানুষের সংশয় এখনও কাটেনি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ২৮, ২০১৬ ১৭:৩০ Asia/Dhaka

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনকে ঘিরে জেলা বিএনপি’র সকল স্তরের নেতাকর্মী, সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। পাশাপাশি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া নিয়ে মানুষের সংশয় এখনও কাটেনি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, "নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত সবগুলো ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ- এমনটি বলেছেন নারায়ণগঞ্জের রিটার্নিং অফিসার। নির্বাচন পরিচালনাকারী একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা যদি এই আশঙ্কা প্রকাশ করেন, তাহলে ভোটারদের মধ্যে নিশ্চয়ই উৎকন্ঠা বৃদ্ধি পাবে।"

ভোটারদের ভীতিহীনভাবে ভোট প্রদান ও তাদের জানমালের নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েন জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ এমন একটি শহর যেখানে আওয়ামী সশস্ত্র ক্যাডার’রা বেসরকারি দারোগার ভূমিকা পালন করে। সেখানে কথায় কথায় অস্ত্রপ্রদর্শন, প্রকাশ্যে গুলিবর্ষণ ও খুনখারাবি নিত্যনৈমিত্তিক ব্যাপার।

সংবাদ সম্মেলনে, বিএনপির এ নেতা নির্বাচন কমিশনকে সতর্ক করে দিয়ে বলেন, নাসিক নির্বাচন যেন পূর্বের নির্বাচনগুলোর মতো আর একটি রক্তাক্ত অ্যাডভেঞ্চারে পরিণত না হয়। অতীতের অপকীর্তি মোচন করার জন্য এই নির্বাচনে জনগণের ভোটাধিকার যেন ব্ল্যাকআউট না হয়, সেদিকে কমিশনের উদ্যোগ যথাযথ হতে হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে গডফাদার, সেনাবাহিনী এবং বিএনপি’র প্রার্থীতা প্রসঙ্গে স্থানীয় ভোটার এবং সিনিয়র সাংবাদিক বিমান ভট্টাচার্য রেডিও তেহরানকে বলেন, নির্বাচনী উত্তাপ এখনো টের পাওয়া যাচ্ছে না। মাঠ গরম করার জন্য সেনাবাহিনী নিয়োগের দাবি উঠেছে।

তিনি মনে করেন, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি’র সাখাওয়াত আর আওয়ামী লীগের আইভি’র মধ্যে। তবে বিএনপি’র মেয়র প্রার্থীর ব্যাপারে দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও প্রশ্ন রয়েছে।

ওদিকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলের মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে জেতানোর কৌশল ঠিক করতে তাকে নিয়ে বৈঠক করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

আইভীর মনোনয়নপত্র বৈধ বলে রিটার্নিং কর্মকর্তার সায় পাওয়ার পর রোববার আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, “দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কেন্দ্রীয় নেতারা আলোচনা করেছেন। আমাদের লক্ষ্য ঐক্যবদ্ধভাবে কাজ করে দলীয় প্রার্থীকে বিজয়ী করানো।”#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮