কক্সবাজারে রোহিঙ্গাবাহী ৬ নৌকা ফেরত, বিজিবি জানাল- অনুপ্রবেশ কমে গেছে
https://parstoday.ir/bn/news/bangladesh-i27088-কক্সবাজারে_রোহিঙ্গাবাহী_৬_নৌকা_ফেরত_বিজিবি_জানাল_অনুপ্রবেশ_কমে_গেছে
বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা মুসলমানদের বহনকারী ছয়টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ৩০, ২০১৬ ০৯:৩৮ Asia/Dhaka
  • রোহিঙ্গা মুসলমানদের বহনকারী নৌকা (ফাইল ফটো)
    রোহিঙ্গা মুসলমানদের বহনকারী নৌকা (ফাইল ফটো)

বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা মুসলমানদের বহনকারী ছয়টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী সাংবাদিকদের জানান, নাফ নদীর ৪টি পয়েন্ট দিয়ে ৬টি নৌকা বোঝাই অন্তত ৯১ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়।  এ সময় সীমান্তের বিজিবির কড়া নজরদারীর কারণে তারা বাধার মুখে পড়ে। এক পর্যায়ে রোহিঙ্গা বোঝাই নৌকাগুলো মিয়ানমারের দিদে ফেরত যেতে বাধ্য হয়। 

টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আবু জার আল জাহিদ জানান, টহল জোরদার আছে। রোহিঙ্গারা যাতে অনুপ্রবেশ না করতে পারে, সে ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে, কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, আজ ভোরে উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় চার রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এমএম আনিসুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ অনেক কমে গেছে। তারপরও ফাঁকফোকড় দিয়ে কিছু রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ছে। তবে তাদের সংখ্যা খুব বেশি নয়। বিজিবি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আটক করে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা দিয়ে ফেরত পাঠাচ্ছে।

মিয়ানমারের সঙ্গে বান্দরবান জেলার প্রায় ১৮৮ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। সীমান্তের ঘুমধুম, তুমব্রু, বাইশফাঁড়ি, আশারতলী সীমান্তসহ বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিদিনই কাঁটাতারের বেড়া পেরিয়ে বিচ্ছিন্নভাবে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে বিজিবি। অনুপ্রবেশকারীদের আটক করে পুশব্যাকও করছে বিজিবি।#

পার্সটুডে/এআর/৩০